সাভার, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি ফার্ম গেট) সামনে রোববার বেলা বারোটার দিকে চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে গেলে এক যাত্রী আহত হয়।
আহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
বাসযাত্রী ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"হানিফ পরিবহনের বাসটি ঢাকা থেকে ইপিজেড যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে পৌঁছালে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়।"
এসময় রাস্তার লোকজনের চিৎকারে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন।
সাভার দমকল বাহিনীর সাব অফিসার আইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছে আমরা সাড়ে বারোটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়েছি।"
বাসে আগুন লেগে যাওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১২৫৩ ঘ.
bdnews24