ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) প্রথম বর্ষের পরীক্ষা বৃহস্পতিবার শুরু হয়েছে।
প্রথম দিন বাংলা (আবশ্যিক) পরীক্ষা গ্রহণ করা হয়। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮৪৬ জন। নকল করার দায়ে বহিস্কার করা হয়েছে১১ জনকে। এর মধ্যে রাজশাহী বিভাগের আট ও বরিশাল বিভাগে তিনজন বহিস্কৃত হয়েছেন।
ফাজিল পরীক্ষা কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলী হাসান জানান, সারা দেশে ২৩৪ টি কেন্দ্রের মাধ্যমে ফাজিল স্নাতক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
তিনি জানান, ১৩০০ মাদ্রাসার ২০ হাজার ৭২৭ জন ফাজিল পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিন উপস্থিত ছিলেন- ১৯ হাজার ৮৮১ জন।
আলী হাসান জানান, ঢাকা বিভাগে ৪৭৬৫ জনের মধ্যে ৪৫৯২ জন, রাজশাহী বিভাগে ৫৯৫৪ জনের মধ্যে ৫৭৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩০৯ জনের মধ্যে ৪০৫৮ জন, খুলনা বিভাগে ২৪৮৪ জনের মধ্যে ২৩৯৮ জন, বরিশাল বিভাগে ২৩৪০ জনের মধ্যে ২২৩২ জন ও সিলেট বিভাগে ৮৭৫ জনের মধ্যে ৮৫০ জন পরীক্ষা দিয়েছে।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফয়েজ এম. সিরাজুল হক ঢাকা আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন। উপাচার্য সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি পরবর্তী পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন- মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ ও শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোজাম্মেল হক খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24