২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন শিক্ষাবর্ষ থেকেই রংপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা

দুটি অনুষদের অধীনে ৬টি বিষয় নিয়ে আগামী ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকেই রংপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি অনুষদের অধীনে ৬টি বিষয় নিয়ে আগামী ২০০৮-০৯ শিক্ষাবর্ষ থেকেই রংপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে ভাড়া করা বাড়িতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হবে। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের জন্য একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে বৃহত্তর রংপুর অঞ্চলের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সুবোধ চন্দ্র জানান। তিনি বলেন, শুরুতে মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল- এই চার অনুষদের অধীনে বাংলা, ইংরেজী, অর্থনীতি, বিবিএ, গণিত ও কম্পিউটার বিজ্ঞান- এই ৬টি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হবে। পরবর্তী ৫ বছরে পরিবেশ বিজ্ঞান ও ভূগোল, টেলিযোগাযোগ বিজ্ঞান, পরিসংখ্যান, ডেভেলপমেন্ট স্টাডিজ ও আইন বিভাগ। সুবোধ চন্দ্র জানান, এ বিষয়ে শিগগিরই একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে এবং একজন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধানকে আহবায়ক করে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ১০ জুলাইয়ের মধ্যে পরিকল্পনার খসড়া জমা দিতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ গত ২ ফেব্র"য়ারি রংপুর সফরকালে সেখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। গত ১৫ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে 'রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৮' অনুমোদন করা হয়। শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভায় অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোজাম্মেল হক খান, যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়) এ জেড এম শফিকুল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রফেসর কে. এম আওরঙ্গজেব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম শাহজাহান পাটওয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরী, স্ট্যামফোর্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য ড. কে মওদুুদ ইলাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২৩০০ ঘ.