২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তিতে অতিরিক্ত ফি আদায় করলে এমপিও বাতিল হতে পরে

একাদশ শ্রেণীসহ বিভিন্ন শ্রেণীতে ভর্তির সময় অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি স্কুল-কলেজগুলোর এমপিও স্থগিত করার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ শ্রেণীসহ বিভিন্ন শ্রেণীতে ভর্তির সময় অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি স্কুল-কলেজগুলোর এমপিও স্থগিত করার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গত ২৪ জুন শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তির সময় অযৌক্তিক ফি আদায়ের বিষয়টিকে কঠোরভাবে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত হয়েছে।" সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অযৌক্তিক ফি আদায় কারা হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমপিওভুক্ত কোনো প্রতিষ্ঠান বেঁধে দেয়া সীমার বাইরে টাকা আদায় করলে ওই প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। সরকারি নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত স্কুল-কলেজগুলোতে যে কোনো শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সবধরনের ফি মিলিয়ে পাঁচ হাজার টাকার বেশি আদায় করা যাবে না। শিক্ষা মন্ত্রণালয় গত ১ এপ্রিল এ নির্দেশনা জারি করে। এ নির্দেশনা অনুযায়ী কোনো প্রতিষ্ঠান ভর্তির সঙ্গে উন্নয়ন ফি, সেশন ফি বা অন্য কোনো খাতে অর্থ নিলেও সব মিলিয়ে তা পাঁচ হাজার টাকা ছাড়াতে পারবে না। রাজধানীসহ দেশের অধিকাংশ বেসরকারি স্কুল-কলেজের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর সরকার এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে। এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বিভিন্ন খাতে মোট ২৩ হাজার ৬৪০ টাকা করে নেওয়া হয়েছে। ভিকারুননিসা নূন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ফি কত জানতে চাইলে রোববার কলেজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাদশ শ্রেণীতে আনুমানিক দশ হাজার টাকা করে নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ৭ আগস্টের মধ্যে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। ক্লাস শুরু হবে ৯ আগস্ট থেকে। বিলম্ব ফি'সহ ভর্তির সর্বশেষ তারিখ ১৭ আগস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএ/১৭৫৫ ঘ.