২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষকের বরখাস্ত চেয়ে জাবিতে বিক্ষোভ, স্মারকলিপি

যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতিকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে ফজিলাতুন্নেসা হলের ছাত্রীরা রোববার বিক্ষোভ মিছিল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতিকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে ফজিলাতুন্নেসা হলের ছাত্রীরা রোববার বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে তারা উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে তারা অবিলম্বে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়নেরও দাবি জানিয়েছেন। একই দাবিতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগসহ অন্যান্য বিভাগের শতাধিক শিক্ষার্থীও বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি পুরাতন কলা ভবন থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে সমাজবিজ্ঞান ভবনের সামনে সমাবেশ ও গণসংগীতানুষ্ঠান করে। গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী পৃথকভাবে উপাচার্যের কাছে বিভাগীয় সভাপতি মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। ৪ মে থেকে বিভাগের শিক্ষার্থীরা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ মিছিল-সমাবেশ, মৌন মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। ১৩ ও ১৪ জুন পৃথকভাবে খালেদা জিয়া হল ও জাহানারা ইমাম হলের ছাত্রীরা উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ১৮ জুনের মধ্যে অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা না হলে গণঅনশনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সোমবার কেন্দ্রীয় মিলনায়তনে সকাল দশটায় আয়োজন করেছে যৌন নিপীড়ন ও নিপীড়ন বিরোধী নীতিমালা বিষয়ে মুক্ত আলোচনা। জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতিয়ারা নাসরিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক সাঈদ ফেরদৌস, নাটক ও নাটতত্ত্ব বিভাগের শিক্ষক হালিমা আক্তার রিবন ও গবেষক পাভেল পার্থ মুক্ত আলোচনায় বক্তব্য রাখার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.