চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বটতলী রেল স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরনোটির পাশে আরও একটি রেললাইন স্থাপন করা হবে। এছাড়া চট্টগ্রাম-হাটহাজারী সড়ক পথ চার লেনে উন্নীত করা হবে।
মঙ্গলবার ঢাকায় যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদেরের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম বদিউল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাত করলে উপদেষ্টা এ আশ্বাস দেন।
ছয় সদস্যের এই প্রতিনিধি দলের সদস্য ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এ তথ্য জানান।
তিনি যোগাযোগ উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার পথে পুরনোটির পাশে আরও একটি রেললাইন স্থাপন, শাটল ট্রেনের বগি বাড়ানো, রেললাইন ও বিশ্ববিদ্যালয় স্টেশন সংস্কার করা হবে।
রেললাইনের পাশ দিয়ে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত একটি বিকল্প সড়ক পথ তৈরির সম্ভাব্যতাও যাচাই করা হবে বলে উপদেষ্টা প্রতিনিধি দলকে জানিয়েছেন।
অধ্যাপক গাজী সালেহ উদ্দিন জানান, সাক্ষাতকালে রেলওয়ের মহাপরিচালক ও সচিবসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলটি বুধবার বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24