২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেট টিউটরের ওপর নির্ভরশীল বেশির ভাগ স্কুল শিক্ষার্থী

দেশে প্রাথমিক ও মাধ্যমিক (এসএসসি) পর্যায়ের ৯৭ ভাগ শিক্ষার্থী পড়ালেখার জন্য প্রাইভেট টিউটর ও কোচিংয়ের সাহায্য নেয়। বেসরকারি সংগঠন 'সুশিক্ষা আন্দোলন' প্রকাশিত প্রাথমিক শিক্ষার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রাথমিক ও মাধ্যমিক (এসএসসি) পর্যায়ের ৯৭ ভাগ শিক্ষার্থী পড়ালেখার জন্য প্রাইভেট টিউটর ও কোচিংয়ের সাহায্য নেয়। বেসরকারি সংগঠন 'সুশিক্ষা আন্দোলন' প্রকাশিত প্রাথমিক শিক্ষার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে 'হালখাতা ১৪১৫' শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১২টি পরিবারের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, শিশু শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত মোট ৩১ জন শিক্ষার্থীর মধ্যে কেবল একজন প্রাইভেট টিউটরের কাছে পড়ে না। বাকি সবাই প্রাইভেট টিউটরের সাহায্য নিয়ে থাকে। এই হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৭ ভাগ শিক্ষার্থী পড়ালেখার জন্য প্রাইভেট টিউটর বা কোচিংয়ের সাহায্য নিয়ে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সুশিক্ষা আন্দোলনের জরিপ অনুযায়ী, প্রাইভেট টিউশন খাতে প্রতিটি শিক্ষার্থীর পেছনে পরিবারগুলো মাসে গড়ে ৬০০ টাকা করে ব্যয় করে। প্রতিবেদনটিতে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরার পাশাপাশি সমাধানের জন্য সুপারিশ করা হয়। গৃহ শিক্ষক বা কোচিংয়ের ওপর নির্ভরশীলতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রাক প্রাথমিক শিক্ষার দুর্বলতার কারণেই প্রাইভেট টিউটরের মতো সহায়তাকারীর প্রয়োজন হচ্ছে। অনেক স্কুল শিক্ষক শ্রেণীকক্ষে বসে অন্যায়ভাবে কোচিং করাচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেয়া হলে বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলোতে মান সম্মত শিক্ষার ব্যবস্থা করা একেবারে অসম্ভব হবে না বলে এতে মন্তব্য করা হয়। অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা, অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, সুশিক্ষা আন্দোলনের সদস্য খন্দকার সাখাওয়াত আলী বক্তব্য রাখেন। উপদেষ্টা রাশেদা কে চৌধুরী জানান, কমিউনিটি শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। তিনি বলেন, "এখন থেকে শিক্ষা বর্ষের শুরুতেই প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে।" এছাড়া শিগগিরই প্রাথমিক শিক্ষা ক্যাডার চালু করা হবে বলে রাশেদা কে চৌধুরী জানান। উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "শিক্ষার প্রয়োজনীয়তা এখন দরিদ্রতম পরিবারও বুঝতে পারছে। শিক্ষার আকাঙ্খা এখন সার্বজনীন। এখন মান সম্মত শিক্ষার ব্যবস্থা করাটাই সবচে জরুরি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএ/১৮৫০ঘ.