চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাটল ট্রেন দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার ঘটনায় তিন দিন বন্ধ থাকার পর চট্ট্রগাম বিশ্ববিদ্যালয় মঙ্গলবার খুলেছে।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়গামী সব শাটল ট্রেন চলাচল করেছে। তবে শিক্ষার্থীর সংখ্যা ছিল কম। অধিকাংশ বিভাগেই ক্লাশ হয়েছে। তবে অনির্ধারিত বন্ধের কারণে বিভিন্ন বিভাগে পরীক্ষা স্থগিত ছিল।
গত বৃহস্পতিবার নগরীর ষোলশহর স্টেশনে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান মামুন মারা যান। ওই ঘটনায় শিক্ষার্থীদের ভাংচুর ও অগ্নিসংযোগে ষোলশহর স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল কর্তৃপক্ষ শাটল ট্রেন বন্ধ রাখে।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার থেকে সোমবার পর্যন্ত ক্লাশ বন্ধ ঘোষণা করে।
শাটল ট্রেন চলবে কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা থাকায় মঙ্গলবার বিশ্ববিদালয়গামী অনেক শিক্ষার্থীই স্টেশনে আসনেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24