গাজীপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়কে 'খোয়ার নরক' বলে আখ্যা এবং টাকার বিনিময়ে পত্রিকায় সংবাদ পরিবেশিত হয় বলে মন্তব্য করার অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. সৈয়দ রাশিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন গাজীপুর পৌর চত্ত্বর এলাকার ফারজানা আক্তার মিনা। আদালত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদী (ফারজানা আক্তার মিনা) গত ১৫ মে দৈনিক প্রথম আলো, খবরপত্র ও নিউএজ এবং ১৬ মে দৈনিক সংগ্রাম ও নয়াদিগন্ত পাঠ করে জানতে পারেন যে, ভারপ্রাপ্ত উপচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে 'খোয়ার নরক' বলে অভিহিত করেছেন।
এছাড়া ভারপ্রাপ্ত উপাচার্য গত ৮ মে প্রধান উপদেষ্টার কাছে 'সেভ আওয়ার সোলস' শিরোনামের একটি আবেদনপত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়কে 'নরক' বলে অভিহিত করেন। বাদী আরজিতে উল্লেখ করেন উপাচার্যের এ মন্তব্য সমাজ ও জাতিকে বিভ্রান্তিকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।
একইভাবে দেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকাগুলোতে টাকার বিনিময়ে খবর প্রকাশিত হয় বলে তিনি মন্তব্য করেছেন। এ মন্তব্য পাঠক সমাজকে বিভ্রান্ত ও ব্যথিত করেছে। এ অবস্থায় 'জাতির মানহানি' হওয়ায় বাদী মানসিকভাবে আঘাত পেয়ে মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন।
মামলায় উল্লেখিত দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24