২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৃজনশীল প্রশ্ন পদ্ধতির জন্য বই প্রকাশের সুপারিশ করতে টাস্কফোর্স গঠন

সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাস্তবায়নে আকর্ষণীয় বিষয়বস্তুু সমৃদ্ধ বই প্রকাশের বিষয়ে সুপারিশ তৈরির জন্য আট সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে এই টাস্কফোর্স গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বাস্তবায়নে আকর্ষণীয় বিষয়বস্তুু সমৃদ্ধ বই প্রকাশের বিষয়ে সুপারিশ তৈরির জন্য আট সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে এই টাস্কফোর্স গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। টাস্কফোর্সকে সৃজনশীল প্রশ্নপদ্ধতির সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও বিষয়বস্তু সমৃদ্ধ পাঠ্য-পুস্তক প্রকাশের বিষয়ে সুপারিশমালা তৈরি করে তা আগামী ১ জুনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা হলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি আব্দুল্লাহ আবু সায়ীদ, পিপিআরসির গবেষক খন্দকার সাখাওয়াত আলী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক), যুগ্ম সচিব (উচ্চ মাধ্যমিক), যুগ্ম সচিব (কারিগরি ও মাদ্রাসা), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের প্রধান ও মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্প (সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট) পরিচালক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান টাস্কফোর্সের সাচিবিক দায়িত্ব পালন করবেন। নতুন পদ্ধতিতে প্রশ্নপত্রকে দুই ভাগে ভাগ করা হবে। এতে একটি বিষয়ের প্রশ্নপত্রে ৬০ নম্বরের সৃজনশীল এবং ৪০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সৃজনশীল পদ্ধতিতে ৬০ নম্বরের মধ্যে নয়টি প্রশ্ন থেকে ছয়টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১০। প্রতিটি প্রশ্নে আবার 'জ্ঞান, অনুধাবন, প্রায়োগিক ও উচ্চতর দক্ষতা'- এই চারটি স্তর থাকবে। এসব স্তরের প্রশ্নের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর ধারণা, প্রায়োগিক দক্ষতা ও সৃজনশীলতা পরীক্ষার সুযোগ থাকবে। এর আগে ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা 'সৃজনশীল' প্রশ্নপদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ২০১১ সাল থেকে সব বিষয়ের পরীক্ষাতেই সৃজনশীল প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হবে। এসএসসি সমপর্যায়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ব্যবস্থায়ও ২০১১ সাল থেকে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট পাবলিক পরীক্ষাতে ২০১২ সাল থেকে এ প্রশ্ন পদ্ধতি চালু করা হবে। এছাড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর থেকেই অষ্টম শ্রেণীতে স্বল্প পরিসরে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হবে। ২০০৯ সাল থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে এ প্রশ্নপদ্ধতি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/এমএ/১৮৩৫ ঘ.