ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদকে বিভাগের সব রকম শিক্ষা কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিভাগীয় সমন্বয় ও উন্নয়ন কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ সিদ্ধান্ত চিঠি দিয়ে উপাচার্য, প্রো-উপাচার্য ও জীব বিজ্ঞান অনুষদের ডিনকে জানানো হয়েছে।
গত ২৩ এপ্রিল ড. কামালউদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে ওই বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী উপাচার্যের কাছে অভিযোগ করেন।
উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, বিভাগের শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে মো. কামালউদ্দিনকে ২০ মে থেকে বিভাগের সব রকম শিক্ষা কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া বহাল থাকবে।
এর আগে ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় প্রধানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সে সময় তাকে বিভাগীয় সব পরীক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়।
পরে ১৩ মে সিন্ডিকেটে কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট আরেকটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। পনের দিনের মধ্যে ওই কমিটি প্রতিবেদন জমা দেবে।
এদিকে, কামাল উদ্দিনের বরখাস্তের দাবিতে নির্যাতনবিরোধী ছাত্র সংগঠন বুধবার উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। তারা উপাচার্যকে একটি স্মারকলিপিও দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/এএল/এমএ/১৯০৯ ঘ.
bdnews24