খুলনা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় শ্রমিক নেতা জাকির হোসেন বিপ্লব ও হানিফ পরিবহনের সুপারভাইজার নাঈম জামিন পেয়েছেন।
রোববার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু শামীম আজাদ তাদের জামিন মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি বাসে চট্টগ্রামে যাওয়ার সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। লাগেজ বক্সে ছাত্রদের কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জামাদি তুলতে অস্বীকৃতি জানালে পরিবহন শ্রমিকদের সঙ্গে ছাত্রদের কথা কাটাকাটির এক পর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পর ছাত্ররা শুক্রবার খুলনা-সাতক্ষীরা সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধ সরাতে ছাত্রদের ওপর লাঠিচার্জ করলে সংঘর্ষ বেধে যায় এবং এতে বেশ কয়েকজন ছাত্র ও পুলিশ সদস্য আহত হন।
সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় শুক্র ও শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার ছাত্রকে আসামি করে চারটি মামলা হয়েছে।
ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নজরুল ইসলাম সোনাডাঙ্গা মডেল থানায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব ও সোনাডাঙ্গা বাস টার্মিনালের হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজার নাঈমকে আসামি করে একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24