২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইনিংয়ে পর্যাপ্ত খাবার সরবরাহসহ বিভিন্ন দাবিতে রাবির হলে ছাত্রদের ভাংচুর

ডাইনিংয়ে পর্যাপ্ত খাবার সরবরাহসহ বিভিন্ন দাবিতে শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্ররা শুক্রবার রাতে প্রাধ্যক্ষের কার্যালয় ও হলের আসবাবপত্র ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাইনিংয়ে পর্যাপ্ত খাবার সরবরাহসহ বিভিন্ন দাবিতে শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্ররা শুক্রবার রাতে প্রাধ্যক্ষের কার্যালয় ও হলের আসবাবপত্র ভাংচুর করেছে। এ ঘটনা তদন্তে শনিবার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে ছাত্ররা হলের অভ্যন্তরে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকদের কার্যালয়সহ কয়েকটি কার্যালয়ের নেমপ্লেট, আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। হল প্রাধ্যক্ষ ড. জাহাঙ্গীর কবীর ভাংচুরের খবরের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসন সংক্রান্ত বিষয়ে ছাত্ররা তার কার্যালয় ও হলে ভাংচুর চালিয়েছে। তিনি দাবি করেন, খাবারের মান ভালো হওয়ায় অন্য হলের ছাত্ররা সেখানে খাবারের জন্য যায় বলে দ্রুত শেষ হয়ে যায়। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। নাম প্রকাশ না করার শর্তে হলের কয়েকজন ছাত্র অভিযোগ করেন, হলের প্রায় পাঁচশ ছাত্রের খাবারের জন্য একটি ডাইনিং ও একটি ক্যান্টিন থাকলেও সপ্তাহখানেক আগে ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ডাইনিংয়ে পরর্‌্যাপ্ত খাবার সরবরাহ করা হচ্ছে না। এমনকি রাত আটটার মধ্যে ডাইনিংয়ে খাবার শেষ হয়ে যায়। এছাড়া হলের টেলিভিশন কক্ষটি ছোট হওয়ার কারণে ছাত্ররা ভালভাবে টেলিভিশন দেখতে পারেন না এবং হলে পরর্‌্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। ছাত্ররা এসব সমস্যা সমাধানের জন্য কয়েকদিন আগে প্রাধ্যক্ষের কাছে দাবি জানান। তাদের দাবি পূরণ না হওয়ায় শুক্রবার রাত ১০টার দিকে হলের ৩০৫ নম্বর কক্ষের আবাসিক ছাত্র সেলিম মিয়া হল প্রাধ্যক্ষকে ফোন করে আবারও ছাত্রদের দাবির বিষয়টি অবহিত করেন। কিন্তু জবাবে প্রাধ্যক্ষ তাকে হল থেকে বহিষ্কার করার হুমকি দেন বলে ছাত্ররা অভিযোগ করেন। ভাংচুরের ঘটনায় শনিবার হলের আবাসিক শিক্ষক ড. সাজুয়ার রহমানকে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- সহকারী আবাসিক শিক্ষক রাশেদ আলম ও মনিরুজ্জামান। কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৬ ঘ.