গাজীপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) মেয়াদোত্তীর্ণ উপাচার্য অধ্যাপক ড. এম আনোয়ারুল য়াজীমের পুনর্বহাল চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
সর্বদলীয় ছাত্র, কর্মকর্তা-কর্মচারি ক্লাস পরীক্ষা বর্জন ও কর্মবিরতি পালন করে উপাচার্যের ক্যাম্পাসে আসা ঠেকানোর ঘোষণা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিকেলে শিক্ষকরা বৈঠকে বসেন। ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. এম আনোয়ারুল য়াজীমের চার বছর মেয়াদ পূর্ণ হয়েছে গত ৯ মে। ওই দিনই তিনি (উপাচার্য) যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আলাউদ্দিনকে উপাচার্যের চলতি দায়িত্ব বুঝিয়ে দেন।
এ অবস্থায় গত ১৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিশ্ববিদ্যালয়-২) মো. রইসউদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ সাময়িকভাবে আনোয়ারুল য়াজীমকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।
বুধবার (১৪ মে) এই প্রজ্ঞাপনের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্র কর্মকর্তা -কর্মচারিদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, মেয়াদোত্তীর্ণ উপাচার্য পুনর্বহালের চেষ্টায় তদবির করেছেন। এর পরিপ্রেক্ষিতেই ওই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী ছাত্ররা জানান, মেয়াদোত্তীর্ণ উপাচার্য অধ্যাপক আনোয়ারুল য়াজমীকে যে কোন মূল্যে বিশ্ববিদ্যালয়ে ঠেকানোর শপথ নেয় ছাত্র-কর্মকর্তা কর্মচারিরা। তারা বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে সকাল সাড়ে ৮টা থেকে একাডেমিক ভবনের সামনে অবস্থান নেন।
কর্মকর্তা-কর্মচারিরা কাজে যোগ না দিয়ে প্রতিবাদ মিছিল বের করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছাত্ররা ক্যাম্পাসে দফায় দফায় খণ্ড খণ্ড মিছিল করে। ওই সব মিছিলে উপাচার্যের দুইটি কুশপুত্তলিকা পোড়ানো হয়।
সকাল ১১টায় অডিটোরিয়াম চত্ত্বরে ছাত্রদের সমাবেশে বক্তব্য রাখেন- তড়িৎ কৌশল তৃতীয় বর্ষের আব্দুল্লাহ আল মামুন, এক বিভাগ ও বর্ষের নাসরিন আক্তার, আহসান হাবীব রুবেল, যন্ত্র কৌশল চতুর্থ বর্ষের সোহাগ, পুরকৌশল চতুর্থ বর্ষের সুরঞ্জন রায়, এজিএস পলাশ প্রমুখ।
সভায় আন্দোলনকারীরা বলেন, উপাচার্যের মেয়াদ কালে বিশ্ববিদ্যালয়ে কোন উন্নয়ন হয়নি। উপাচার্যের ছত্রছায়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এ ব্যাপারে শিক্ষার্থীরা মুখ খুলতে চাইলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর ভয় দেখানো হয়েছে।
উপাচার্যকে একটি মৌলবাদী ছাত্র সংগঠনের পৃষ্ঠপোষক অভিহিত করে আন্দোলনকারীরা বলেন, ক্যাম্পাসে মুক্ত চিন্তা ও চর্চা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। উপাচার্য স্বাধীনতা, বিজয় ও শহীদ দিবসসহ অন্যান্য জাতীয় দিবসে ক্যাম্পাসের শহীদ মিনারে কখনও পুষ্পস্তবক অর্পণ করেননি।
এছাড়া রাষ্ট্রীয়ভাবে চীন দেশে সফরের পরও তিনি বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে টাকা উত্তোলন, উত্তরায় নিজের বাসায় বাস করলেও বিশ্ববিদ্যালয় থেকে ভাড়া উত্তোলনের মত অনেক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে বক্তারা অভিযোগ করেন।
আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান।
একই দাবিতে কর্মকর্তা-কর্মচারিরা পৃথক সমাবেশ করেছেন। সকাল সাড়ে ১১ টার দিকে শিক্ষকরা উপাচার্যের সভাকক্ষে ছাত্র, কর্মকর্তা- কর্মচারিদের সঙ্গে বৈঠকে বসেন।
পরে আন্দোলনকারীদের দাবি নিয়ে যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আলাউদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন দুপুর ১টার দিকে।
শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ড. আলাউদ্দিন আন্দোলনকারীদের জানান, শিগগিরই নতুন উপাচার্য নিয়োগ করা হবে। তাদের দাবি যথাস্থানে জানানো হয়েছে। এই আশ্বাসের পর আন্দোলনকারীরার অনেকটা শান্ত হন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. শওকত ওসমান সাংবাদিকদের বলেন, বৈঠকে কয়েকটি বিষয়ে শিক্ষকরা ঐকমত্যে পৌছেছেন। এর মধ্যে আছে, শিক্ষকরা মেয়াদোত্তীর্ণ উপাচার্যের সঙ্গে দেখা করে তাকে ক্যাম্পাসে না আসতে অনুরোধ করবেন। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তার দপ্তর তালাবদ্ধ থাকবে।
এদিকে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিদের এই আন্দোলনকে যৌক্তিক মনে করেন অনেক শিক্ষক।
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত চার বছর বিশ্ববিদ্যালয়ের তেমন কোন উন্নয়ন হয়নি। বরাদ্দ করা টাকা ফেরত গেছে। শিক্ষক নিয়োগ ও পদোন্নতি ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24