২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমব্রেলা অ্যাক্ট না করে ৭৩ এর অধ্যাদেশ সংশোধনের দাবি শিক্ষকদের

সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে এক আইনের (আমব্রেলা অ্যাক্ট) অধীনে এনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওপর নির্ভরশীল না করে ১৯৭৩ এর অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। তার বলছেন, আমব্রেলা অ্যাক্ট হলে বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি নিয়ন্ত্রণ আরো বাড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে এক আইনের (আমব্রেলা অ্যাক্ট) অধীনে এনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওপর নির্ভরশীল না করে ১৯৭৩ এর অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। তার বলছেন, আমব্রেলা অ্যাক্ট হলে বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি নিয়ন্ত্রণ আরো বাড়বে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 'বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাসঙ্গিক ভাবনা' শীর্ষক এক মতবিনিময় সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে সভায় লিখিত বক্তব্য পড়ে শোনান শিক্ষা আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক সাইফুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মইনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকমল হোসেন, সহকারী অধ্যাপক তানজিমউদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক আমিন হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম খন্দকার ও শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদক এ এন রাশিদা বেগম প্রমুখ। অধ্যাপক অজয় রায় বলেন, "উপাচার্য নিয়োগের ক্ষেত্রে ১৯৭৩ সালের অধ্যাদেশের আওতায় সরকার আচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে হস্তক্ষেপ করে থাকে। এ অধ্যাদেশের আওতায় স্বায়ত্ত্বশাসিত চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেন আচার্য। কিন্তু, আচার্য নিজেই দলীয় সরকার দ্বারা নিয়োগ পান। যেহেতু আচার্য উপাচার্য নিয়োগ দেন, তাই এ নিয়োগেও দলীয় প্রভাব পড়ে। যার প্রতিফলন ঘটে বিশ্ববিদ্যালয়ের অন্য সব কমিটিতে।" তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসন আদায়ের জন্য দীর্ঘদিনের আন্দোলনের পর ১৯৭৩ সালের অধ্যাদেশটি জারি হয়েছিল। এখন সেই অধ্যাদেশটি সংশোধনের দাবিতে প্রয়োজনে আমরা জেলা পর্যায়েও আন্দোলন গড়ে তুলব।" দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ প্রসঙ্গে অজয় রায় বলেন, "নিজেদের বিবেকের কাছে জবাবদিহিতার জন্যই দলীয় বিষয়গুলো বাদ দিয়ে আমাদের শিক্ষকতা পেশায় আসতে হবে। আমব্রেলা অ্যাক্ট কার্যকর হলে এর আওতায় সরকার মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পাবে। তাই শিক্ষকদের স্পষ্টভাবে জানাতে হবে যে তারা এ আইন চান না।" অধ্যাপক আকমল হোসেন বলেন, "পাঠদানে অনীহা, গবেষণার নামে বাইরে গিয়ে ফিরে না আসা, ছুটি না নিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে কাজ করা- এসব অভিযোগের জন্য আমরা শিক্ষকরাই দায়ী। শিক্ষকরা নিজেদের দুর্বলতার কারণে প্রতিপক্ষকে এসব বলার সুযোগ করে দিচ্ছে।" শিক্ষক রাজনীতির ধারার পরিবর্তন দরকার উল্লেখ করে আকমল হোসেন বলেন, "এর জন্যই অন্যরা শিক্ষক রাজনীতি বন্ধ করার পক্ষে কথা বলার সুযোগ পাচ্ছে। তাই '৭৩ এর আইন বাতিল নয়, বরং এর কিছু ধারা সংশোধন করা প্রয়োজন। আমব্রেলা অ্যাক্টের কোনো প্রয়োজন নেই।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মইনুল ইসলাম বলেন, "আমব্রেলা অ্যাক্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরকারি কর্মকর্তা-কর্মচারী বানানোর চেষ্টা করা হচ্ছে। আর '৭৩ এর অধ্যাদেশের মাধ্যমে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া তাতে শিক্ষক নিয়োগের চেয়ে বরং বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের জন্য দলীয় ভোটার বাড়ানোর বিষয়টিই প্রাধান্য পায়। তাই বিশ্ববিদ্যালয়ের বিচক্ষণ শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশটির গ্রহণযোগ্য ও যুগোপযোগী সংশোধন প্রয়োজন।" তিনি বলেন, "ক্ষমতার জন্য দলীয় উপাচার্য কীভাবে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেন তার উজ্জ্বল দৃষ্টান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ে ১৬৭ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে, যার মধ্যে ১১৭ জনই শিবির ক্যাডার।" বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রস্তাবিত আমব্রেলা অ্যাক্টের বিরোধিতা করে বক্তারা বলেন, আইনটি হলে বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি নিয়ন্ত্রণ আরো বাড়বে। একটা ছাতার নিচে সব বিশ্ববিদ্যালয় চালানোর ব্যবস্থা অযৌক্তিক। লেজুড়বৃত্তির শিক্ষক রাজনীতি করছেন হাতে গোনা কিছু শিক্ষক। তাই সবার ওপর এ অভিযোগ বর্তায় না। সামাজিক অবক্ষয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে আলাদা করার সুযোগ নেই। শিক্ষার্থীদের শিক্ষার অধিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সরকারের হস্তক্ষেপের ব্যাপারে 'কোড অফ কন্ডাক্ট' রাখারও প্রস্তাব করেন তারা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স