২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: জাবির নাট্যতত্ত্ব বিভাগে ক্লাস বর্জন

যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি মো. ছানোয়ার হোসেনকে চাকরিচ্যুত করার দাবিতে রোববার থেকে লাগাতার লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন শুরু করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি মো. ছানোয়ার হোসেনকে চাকরিচ্যুত করার দাবিতে রোববার থেকে লাগাতার লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন শুরু করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সকালে এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করে। একই দাবিতে দুই শতাধিক শিক্ষার্থী বিভাগ থেকে মৌনমিছিল করে প্রশাসনিক ভবনের সামনে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করে। পরে বিশ্ববিদ্যালয়ের সুপারিতলায় সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে ছানোয়ার হোসেনকে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় প্রগতিশীল ছাত্রজোট ও সাংস্কৃতিক জোটের নেতারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার তিন সদস্যের 'সত্যাসত্য যাচাই কমিটি' করেছে। ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শামসুল আলমকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কাঞ্চন চৌধুরী ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম। তবে এ কমিটিকে প্রতিবেদন দেওয়ার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক স্বপন কুমার ধর। এদিকে, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ১০ শিক্ষক এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেছেন, তাদের বিভাগ সব সময়ই যে কোনো অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এ সঙ্কটের সম্মানজনক সমাধানের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রকৃত সত্য উদঘাটন প্রয়োজন। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী শনিবার বিভাগীয় সভাপতির বিরুদ্ধে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জানায়। এরপর ঘটনার বিচার দাবিতে বিভাগের শিক্ষার্থীরা কালোব্যাজ পরে মৌন মিছিলসহ প্রশাসনিক ভবনে গিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। এতে অভিযোগ করা হয়, বিভাগীয় সভাপতি অভিযোগকারী ছাত্রীদের ওপর বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। বিভাগের অন্য শিক্ষকদের কাছে মৌখিক ও লিখিতভাবে ছাত্রীরা বিষয়টি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে মো. ছানোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে শনিবার বলেন, "একাডেমিক কার্যক্রমকে গতিশীল করার উদ্যোগ নেওয়ায় আমি কারো কারো ষড়যন্ত্রের শিকার হয়েছি।" এর আগে ২০০৬ এবং ২০০৭ সালে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু'জন শিক্ষক চাকরিচ্যুত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৩৯ ঘ.