২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়নের অভিযোগে জাবি শিক্ষকের চাকরিচ্যুতি দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তবে ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তবে ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী শনিবার বিভাগীয় সভাপতির বিরুদ্ধে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জানায়। অন্যদিকে, ঘটনার বিচার দাবিতে বিভাগের শিক্ষার্থীরা কালোব্যাজ পরে মৌন মিছিলসহ প্রশাাসনিক ভবনে গিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়, বিভাগীয় সভাপতি অভিযোগকারী ছাত্রীদের ওপর বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। বিভাগের অন্য শিক্ষকদের কাছে মৌখিক ও লিখিতভাবে ছাত্রীরা বিষয়টি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মো. ছানোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, "একাডেমিক কার্যক্রমকে গতিশীল করার উদ্যোগ নেওয়ায় আমি কারো কারো ষড়যন্ত্রের শিকার হয়েছি।" সন্ধ্যায় নাটক ও নট্যতত্ত্ব বিভাগের শিক্ষকরা রেজিস্ট্রার ভবনে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। এ সময় বিভাগের শিক্ষার্থীরা ওই ভবনের সামনে মোমবাতি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এর আগে ২০০৬ এবং ২০০৭ সালে যৌন হয়রানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু'জন শিক্ষক চাকরিচ্যুত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯৫৫ ঘ.