২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ এর এসএসসিতে দুটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা হবে

২০১০ সালে এসএসসিতে বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা 'সৃজনশীল' প্রশ্নপদ্ধতিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়। ২০১১ সাল থেকে সব বিষয়ের পরীক্ষাতেই সৃজনশীল প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হবে। কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্নপদ্ধতি পর্যালোচনায় গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত নিল। বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 05:20 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালে এসএসসিতে বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা 'সৃজনশীল' প্রশ্নপদ্ধতিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়। ২০১১ সাল থেকে সব বিষয়ের পরীক্ষাতেই সৃজনশীল প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হবে। কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্নপদ্ধতি পর্যালোচনায় গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত নিল। বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর থেকেই অষ্টম শ্রেণীতে স্বল্প পরিসরে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হবে। ২০০৯ সাল থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে এ প্রশ্নপদ্ধতি পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। এছাড়া এসএসসি সমপর্যায়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ব্যবস্থায় ২০১১ সাল থেকে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হবে। ২০১২ সালের এইচএসসি ও সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট পাবলিক পরীক্ষাতেও এ প্রশ্ন পদ্ধতি চালু করা হবে। তথ্য বিবরণীতে জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নতুন প্রশ্নপদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ও আকর্ষণীয় পাঠ্যবই প্রকাশের ব্যবস্থা করবে। এছাড়া এনসিটিবি ও ঢাকা শিক্ষা বোর্ডের যৌথ উদ্যোগে গঠিত সেল সৃজনশীল প্রশ্নপত্র আহবান ও প্রশ্ন ব্যাংক তৈরি করবে। সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১০ সালের এসএসসির তিনটি শাখার ২৩টি বিষয়ে কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা হওয়ার কথা ছিল। এ নিয়ে বিতর্ক দেখা দেয়ায় গত ১৮ এপ্রিল সাত সদস্যের সুপরিশ প্রণয়ন কমিটি করে বিষয়টি পর্যালোচনার দায়িত্ব দেয়া হয়। কমিটি গত ২৪ এপ্রিল তাদের সুপারিশে বলে, ২০১০ সালের এসএসসিতে দুটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করে পরের বছর থেকে পূর্ণাঙ্গভাবে এটি অনুসরণ করা যেতে পারে। নতুন পদ্ধতিতে প্রশ্নপত্রকে দুই ভাগে ভাগ করে করা হবে। এতে একটি বিষয়ের প্রশ্নপত্রে ৬০ নম্বরের সৃজনশীল এবং ৪০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সৃজনশীল পদ্ধতিতে ৬০ নম্বরের মধ্যে নয়টি প্রশ্ন থেকে ছয়টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১০। প্রতিটি প্রশ্নে আবার 'জ্ঞান, অনুধাবন, প্রায়োগিক ও উচ্চতর দক্ষতা'- এই চারটি স্তর থাকবে। এসব স্তরের প্রশ্নের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর ধারণা, প্রায়োগিক দক্ষতা ও সৃজনশীলতা পরীক্ষার সুযোগ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এমএইচবি/২৩১৫ ঘ.