ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক স্তরে মানসম্মত শিক্ষক নিয়োগের লক্ষ্যে সরকার প্রাথমিক শিক্ষা ক্যাডার চালুর কথা ভাবছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
সোমবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে বেসরকারি সংস্থা 'গণসাক্ষরতা অভিযান' এর উদ্যোগে এশীয় দেশগুলোর শিক্ষা ব্যবস্থা নিয়ে 'এডুকেশন ওয়াচ রিপোর্ট' প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, "প্রাথমিক শিক্ষা ক্যাডার চালুর প্রস্তাবটি বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে।"
উপদেষ্টা জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীকে নতুন বই দেয়া হবে।
বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পায়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক নতুন ও অর্ধেক পুরনো বই পায়।
২০০৬ সালের তথ্যের ভিত্তিতে তৈরি এডুকেশন ওয়াচ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে মাধ্যমিক পর্যায়ে সরকারি স্কুলের ৮৮ শতাংশ, বেসরকারি স্কুলের ৭৮ শতাংশ এবং মাদ্রাসার ক্ষেত্রে ৭০ শতাংশ অভিভাবক সন্তানের জন্য কোচিং এর ব্যবস্থা করেন। আর প্রাথমিক স্তরে এই হার ৩০ থেকে ৪৩ শতাংশ।
রাশেদা কে চৌধুরী বলেন, কোচিং-নির্ভরতা বন্ধে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্কুলের শিক্ষকরা যাতে কোচিং ব্যবসায় জড়িয়ে না পড়েন সেজন্যও একটি নিয়ন্ত্রণ কাঠামো দরকার।
তিনি বলেন, "বর্তমানে শিক্ষা একটি পণ্যে পরিণত হয়েছে। এ কারণে গ্রাম ও শহরের শিক্ষার্থীদের মধ্যে ব্যবধান বাড়ছে।"
প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা উন্নয়নে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মাথাপিছু সরকারি বার্ষিক ব্যয় বাড়ানো, শিক্ষা খাতে শহর ও গ্রামে বাজেট বৈষম্য দূর করাসহ বেশকিছু সুপারিশ করা হয়।
অনুষ্ঠানে কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের এডুকেশন ওয়াচ রিপোর্ট তুলে ধরেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ সাক্ষরতা অভিযানের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ আজিজুল হক, ইউনেস্কো বাংলাদেশের আবাসিক পরিচালক ম্যালকম ম্যালিসা, এশিয়া প্যাসিফিক ব্যুরো অব এডুকেশন (এএসপিবিএই) বোর্ড সদস্য কাজী রফিকুল আলম, এডুকেশন লোকাল কনসালটেটিভ গ্র"পের চেয়ারপারসন থিও ওলথেটেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/জেকে/এমএইচবি/২২০৩ ঘ.
bdnews24