২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সংঘর্ষে সংবাদদাতাসহ তিন শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার ছাত্র সংঘর্ষে একজন বিশ্ববিদ্যালয় সংবাদদাতাসহ তিন শিক্ষার্থী আহত হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটি, কমিটির 'বিদ্রোহী' অংশ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার ছাত্র সংঘর্ষে একজন বিশ্ববিদ্যালয় সংবাদদাতাসহ তিন শিক্ষার্থী আহত হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটি, কমিটির 'বিদ্রোহী' অংশ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগের কমিটির নেতাকর্মীরা দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। ওই সময় 'বিদ্রোহী' অংশের কর্মীরাও সেখানে অবস্থান করছিল। হঠাৎ করেই কমিটির কর্মীরা বিদ্রোহী অংশকে ধাওয়া করে। এ সময় বিদ্রোহী অংশের সমর্থক সীমা আহত হন। আহত অবস্থায় সীমা হাকিম চত্বরের দিকে গেলে বর্তমান কমিটির নেতাকর্মীরাও তার পিছু নিয়ে হাকিম চত্বর যায়। ওই সময় সেখানে অবস্থানকারী ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ইট ছুড়লে, তারাও পাল্টা ইট ছোড়ে। আহত শিক্ষার্থীরা হলেন দৈনিক দিনকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুর রহমান আরমান, বিদ্রোহী অংশের সমর্থক ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সীমা ইসলাম ও ছাত্রলীগের বর্তমান কমিটির কর্মী ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন। গুরুতর আহত অবস্থায় সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সুমনকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ পর গ্রন্থাগারের সামনে সংবাদ সংগ্রহের সময় জাহিদুর রহমান আরমানকে কয়েকজন ছাত্র মারধর করে। তবে কোন পক্ষের কর্মীরা তাকে মেরেছে তা আরমান সনাক্ত করতে পারেননি। দুপুর সোয়া দুইটার দিকে ডাসের সামনে অবস্থানরত বিদ্রোহী অংশের কর্মীদের তাড়া করে কমিটির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অশান্ত করার জন্য 'বিশেষ মহলের' ইন্ধনে কেউ কেউ এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু। তিনি বলেন, "ছাত্রলীগ কখনোই বিশ্ববিদ্যালয়ে অশান্ত পরিস্থিতি চায় না।" রোববার বিকেলে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ ঘটনা সম্পর্কে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "ঘটনাটি উদ্বেগজনক। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে বলবো। কাউকে ভাংচুর অথবা মারামারিতে জড়িত হতে দেখলে পুলিশ যেন সঙ্গে সঙ্গে তাদের আটক করে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হবে।" উপাচার্য জানান, প্রভোস্ট কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং কর্মরত সাংবাদিকদের আক্রমণের ঘটনার তদন্ত করা হবে। এ ব্যাপারে হল প্রভোস্টদের দায়িত্ব দেওয়া হবে। এদিকে শনিবার রাতে হলে ছাত্রলীগের দু'অংশের কর্মীদের মারামারির খবর দেওয়ার সময় প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আনু আনোয়ারকে মারধর করে ছাত্রদলের জসীমউদ্দিন হল শাখার যুগ্ম সম্পাদক তুহিন, লেনিন ও সবুজ । ওই ঘটনার প্রতিবাদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা রোববার ক্যাম্পাসে মৌন মিছিল এবং অপরাজেয় বাংলায় সমাবেশ করে। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এক জরুরি সাধারণ সভায় এর নিন্দা করে বলেছে, দায়িদের তিন দিনের মধ্যে দল থেকে বহিষ্কার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সভায় আগামী তিন দিন হামলাকারী পক্ষের সব ইতিবাচক সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সমিতির সদস্যরা। সাংবাদিক সমিতি সোমবার মৌন মিছিলও করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/এমএআর/টিএইচ/এসকে/২১১৫ঘ.