২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শিবির ক্যাডারদের হামলায় তিন শিক্ষার্থী আহত, কারমাইকেলে মহড়া

বগুড়া সরকারি আযিযুল হক কলেজে রোববার ইসলামী ছাত্র শিবির ক্যাডারদের হামলায় দুই ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন। রংপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশে ছাত্রদের মেস এলাকায় শিবির ক্যাডারদের মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সরকারি আযিযুল হক কলেজে রোববার ইসলামী ছাত্র শিবির ক্যাডারদের হামলায় দুই ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন। রংপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশে ছাত্রদের মেস এলাকায় শিবির ক্যাডারদের মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাস। আমাদের বগুড়া প্রতিনিধি আযিযুল হক কলেজের আহত ছাত্র আনোয়ারুল ইসলামের বরাত দিয়ে জানান, সোমবার বিজ্ঞানী আইনস্টাইনের মৃত্যুদিবস উপলক্ষে কলেজের বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা 'আইনস্টাইনের পদার্থবিদ্যার জগৎ ও বিজ্ঞানের দর্শন' শীর্ষক আলোচনা ও তথ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এতে কলেজের শিক্ষকমণ্ডলীর অনেকেরই যোগ দেওয়ার কথা ছিল। শিবির ক্যাডাররা এই অনুষ্ঠানে বানচাল করতে কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের হুমকি ধামকি দিয়ে আসছিল। রোববার অনুষ্ঠানের আয়োজক শিক্ষার্থীরা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আতাউর রহমানের সঙ্গে কথা বলে ফেরার সময় শিবিরের ক্যাডাররা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আহত হন বাংলা প্রথম বর্ষের ছাত্রী হাবিবা নাসরিন, মনোবিজ্ঞান ২য় বর্ষের ছাত্রী রাধা রানী বর্মন ও প্রথম বর্ষের ছাত্র আনোয়ারুল ইসলাম। এদের মধ্যে নাসরিনের হাত ভেঙ্গে গেছে। অধ্যাপক আতাউর রহমানের শিবির ক্যাডারদের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার ঘটনায় ছাত্র শিবিরের আযিযুল হক কলেজ শাখার সভাপতি শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, সাধারণ ছাত্র-ছাত্রীদের নাম দিয়ে আসলে ছাত্রফ্রন্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অতিথিও করা হয় তাদের দলীয় লোকদের। তিনি দাবি করেন, ছাত্র শিবির নয়, সাধারণ ছাত্র-ছাত্রীরাই ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে। রংপুর প্রতিনিধি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কয়েকদিন ধরেই কারমাইকেল কলেজ ক্যাম্পাসে একটি নোহা মাইক্রোবাসে (যার নম্বর চট্টগ্রাম- ৫১-০১৭০) করে কারমাইকেল কলেজ শাখার শিবিরের সভাপতি মাহবুবের নেতৃত্বে ৫/৬ জন শিবির ক্যাডার মহড়া দিয়ে আসছে। মাইক্রোবাসটির কাচ কালো রঙের। মাইক্রোবাসটিকে কলেজের আশপাশের মেসগুলোর সামনেও ঘুরাঘুরি করতে দেখা গেছে। শিক্ষকরা বিষয়টি কলেজ অধ্যক্ষ ড. দীপকেন্দ্র নাথ দাসকে জানান। ড. দীপকেন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে । শিবির নেতা মাহবুব মাইক্রোবাস নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে কলেজের চারটি ছাত্রাবাস ১৮ মে খুলে দেওয়া হবে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রোববার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে গত ১ মার্চ কলেজের তিনটি ছাত্রী হোস্টেল খুলে দেওয়া হয় । গত ৬ ফেব্রয়ারি কারমাইকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিবির ক্যাডাররা কলেজের প্রশাসনিক ভবন, অধ্যক্ষ ও এক শিক্ষকের বাসায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় ১৫ শিবির ক্যাডারকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে আরও তিন শিবির ক্যাডারসহ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.