২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত অধ্যাপক হাসানুজ্জামানের বিরুদ্ধে তথ্যানুসন্ধান কমিটি

কোর্সের অংশ হিসেবে নিজের লেখা বই 'ইসলামে পোশাক: প্রাথমিক সূত্র ও শর্তসমূহ' পড়তে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগ তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিতর্কিত অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে একটি তথ্যানুসন্ধান কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 06:29 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোর্সের অংশ হিসেবে নিজের লেখা বই 'ইসলামে পোশাক: প্রাথমিক সূত্র ও শর্তসমূহ' পড়তে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগ তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিতর্কিত অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে একটি তথ্যানুসন্ধান কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিকেলে সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে ৬ সদস্যের এই কমিটি করা হয়। রাতে আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। চলতি মাসের শুরুর দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অধ্যাপক হাসানুজ্জামানের বিরুদ্ধে 'ফতোয়া শিক্ষা' দেওয়ার অভিযোগ এনে তার অপসারণের দাবি জানায়। এ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভও করে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে 'ওরিয়েন্টাল পলিটিক্যাল থট' কোর্সে ওই শিক্ষক নিজের লেখা ফতোয়ানির্ভর বই 'ইসলামে পোশাক: প্রাথমিক সূত্র ও শর্তসমূহ' পড়তে শিক্ষার্থীদের বাধ্য করছেন। অমুসলিম শিক্ষার্থীদেরও বইটি পড়তে বাধ্য করেন তিনি। বইটি ওই কোর্সের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় বলে শিক্ষার্থীরা দাবি করেছে। 'ইসলামে পোশাক: প্রাথমিক সূত্র ও শর্তসমূহ' নামের ওই বইতে বলা হয়েছে, "হিন্দুদের ধুতি, পইতা, সিঁদুর, চন্দন, টিপ ও রাখি মুসলমানদের পরা যাবে না। দেব দেবী বা জানোয়ারদের মুখোশও পরা যাবে না, এমনকি আনন্দের ছলেও না। কাজেই পহেলা বৈশাখে আনন্দ বা ফ্যাশনের অজুহাতে উলঙ্গপনা বা কাফিরদের চিহ্ন বহন করা বা তাদের পোশাক পরা অবৈধ। সেই সঙ্গে কাফিরদের ভ্যালেন্টাইনস ডে পালন বেলেল্লাপনা এবং ওইদিন আনন্দের ছলেও ইসলামবিরোধী পোশাক পরিধান মুসলিমদের জন্য বৈধ নয়।' বইটিতে আরও বলা হয়, "হিজাব নারীর জন্য আল্লাহর হুকুম। সেন্ট বা সুগন্ধি লাগানো কিংবা ভ্র" প্লাক করা, মাসকারা লাগানো কিংবা লিপস্টিক লাগিয়ে ঠোঁট সজ্জিত করে বাইরে প্রদর্শন নারীর জন্য হারাম।" শিক্ষার্থীরা কয়েকদিন বিক্ষোভ করার পর গত বুধবার বিভাগীয় একাডেমিক কমিটি অধ্যাপক হাসানুজ্জামানকে এক বছরের বাধ্যতামূলক ছুটি দেওয়ার জন্য সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে সুপারিশ করে। তথ্যানুসন্ধান কমিটির বাকি সদস্যরা হলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশীদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরবি/জেকে/এসকে/০০২৪ঘ.