ঢাকা, এপ্্িরল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষায় কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতি সম্পর্কে জাতীয় পর্যায়ে সংলাপ করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন টিআইবি'র ট্রাস্ট্রি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতি নিয়ে অভিভাবক ফোরামের গোলটেবিল আলোচনায় তিনি বলেন "সরকার এবার অন্তত এ বিষয়টি (কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতি চালুর সিদ্ধান্ত) স্থগিত রেখে সুনির্দিষ্ট ধারণা পাওয়ার জন্য শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসতে পারে।"
'কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতি: ৬ষ্ঠ শ্রেণী থেকে চালুর প্রস্তাবনা' শীর্ষক গোলটেবিলে বেশিরভাগ আলোচক ২০১০ সালের এসএসসি পরীক্ষার পরিবর্তে ৬ষ্ঠ শ্রেণী থেকে কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতি চালুর পক্ষে মত দেন।
অধ্যাপক মোজাফফর বলেন, "এ নিয়ে জাতীয় সংলাপ হওয়া উচিত। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত।"
একটি বিষয়ে সীমিত না থেকে শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য আন্দোলন করতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সরকার ২০১০ সালের এসএসসি পরীক্ষা থেকে কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ অনুযায়ী পরীক্ষার প্রতিটি বিষয়ের মান ১০০ থাকলেও দুই ভাগে প্রশ্ন করা হবে। একটি ভাগ হবে ৬০ নম্বরের, যাতে নয়টি প্রশ্ন থাকবে এবং সেখান থেকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি প্রশ্নের মান ১০ হলেও প্রত্যেকটি প্রশ্ন চার স্তরে করা হবে। স্তর চারটি হলো শিক্ষার্থীর জ্ঞান স্তর, অনুধাবন স্তর, প্রয়োগ স্তর ও উচ্চতর দক্ষতা স্তর। জ্ঞান স্তরের জন্য নম্বরের মান ১, অনুধাবন স্তরে ২, প্রয়োগ স্তরে ৩ এবং উচ্চতর দক্ষতা যাচাইয়ের স্তরে হবে ৪।
অন্য ভাগে ৪০ নম্বরের বহু নির্বাচনী-প্রশ্ন থাকবে।
অভিভাবক ফোরাম কয়েকমাস ধরেই ২০১০ সালের এসএসসি পরীক্ষা থেকে এ পদ্ধতি চালুর বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে শনিবারের গোলটেবিল আলোচনা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, "২০১০ সাল থেকে কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতি চালুর সিদ্ধান্তটি ভাল নয়। তত্ত্বাবধায়ক সরকারের এ বিষয়ে দৃষ্টি দেওয়ার দরকার নেই। তাদের সবকিছু নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। নির্বাচিত সরকার আসুক তারাই এটি করবে।"
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. খলিকুজ্জমান আহমদ বলেন, "ভাল জিনিস হঠাৎ করে শুরু করলে ফল ভাল হয় না। তাই ২০১০ সাল থেকে এই পদ্ধতি চালুর সিদ্ধান্ত বন্ধ করতে হবে। কোন ক্লাস থেকে সেটি শুরু হবে তা সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. আখতারুজ্জামান ২০১০ সাল থেকে এ পদ্ধতি চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, "আমার মনে হয় যারা প্রকল্পের টাকা লুটপাট করতে চায়, তারাই এ সরকারকে দিয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছে।"
অভিভাবক ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা ২০১০ সালের এসএসসি পরীক্ষায় কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতি চালুর সিদ্ধান্ত বাতিল করে ৬ষ্ঠ শ্রেণী থেকে তা চালুসহ ছয় দফা দাবি জানান।
আলোচনায় আরো অংশ নেন শিক্ষাবিদ ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়িদ, সাংবাদিক সাদেক খান, অভিভাবক উৎপলা ভট্টাচার্য, সুফিয়া বেগম, ফাতেমা হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/২০২৬ ঘ.
bdnews24