২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র আসন্ন সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিতির বিষয়ে ক্ষোভ নীল দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের উপস্থিত থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরা। একইসঙ্গে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে দিয়ে সিনেট ভবন উদ্বোধনের সিদ্ধান্তকে অর্থের 'অপচয়' অভিহিত করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের উপস্থিত থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরা। একইসঙ্গে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে দিয়ে সিনেট ভবন উদ্বোধনের সিদ্ধান্তকে অর্থের 'অপচয়' অভিহিত করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সংবাদ সম্মেলন করে নীল দলের শিক্ষকরা তাদের ক্ষোভ ও মতাতমত প্রকাশ করেন। আগামী ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা। এছাড়া আগামী ১০ এপ্রিল প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ সিনেট ভবন উদ্বোধন করার কথা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নীল দলের আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হারুন অর রশিদ। তিনি বলেন, "রাষ্ট্রপতির সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে বিশ্ববিদ্যালয় ও দেশের সব মহলে প্রচণ্ড ক্ষোভ ও আপত্তি রয়েছে।" তিনি আরো বলেন, "দেশের সঙ্কটময় মুহূর্তে প্রয়োজনীয় উদ্যোগ নিতে রাষ্ট্রপতি ব্যর্থ হয়েছেন। গত বছর আগস্টে ছাত্র বিক্ষোভের ঘটনায় সারাদেশে ছাত্র-শিক্ষকদের হয়রানি করা হয়েছে। সহকর্মীদের মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার লিখিত আবেদন করেও কোনো জবাব পায়নি।" নীল দলের শিক্ষকদের পক্ষে হারুন অর রশিদ বলেন, "এ পরিস্থিতিতে অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়া আমাদের জন্য খুবই কষ্টকর। অনেকেই মনে করছেন, আমাদের অনুষ্ঠানে অংশ না দেওয়াই উচিৎ। কিন্তু যেহেতু সমাবর্তনে দুজন ভাষাসৈনিককে সম্মাননা দেওয়া হবে সেহেতু আমরা ওই অনুষ্ঠানে যোগদান থেকে বিরত না থাকার সিদ্ধান্ত নিয়েছি।" বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন উদ্বোধনের জন্য অনুষ্ঠান করার বিরোধিতা করে লিখিত বক্তব্যে বলা হয়, "দুবছর আগে সিনেট ভবনের কাজ শেষ হয়েছে। সেখানে একাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন কমিটির একাধিক সভাও হয়েছে। এই ভবন নির্মাণের সঙ্গে ফখরুদ্দীন আহমদের কোনো সংশ্লিষ্টতাও নেই। সেই সিনেট ভবন এখন কী কারণে কোন উদ্দেশ্যে উদ্বোধন করার প্রয়োজনীয়তা দেখা দিল তা শিক্ষক সমাজের বোধোগম্য নয়।" সিনেট ভবন উদ্বোধনের জন্য 'অর্থের অপচয়' না করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান নীল দলের শিক্ষকরা। ড. আনোয়ার হোসেন শিক্ষক সমিতি ও ডিন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, "জরুরি অবস্থার মধ্যে সমাবর্তন হতে পারলে শিক্ষক সমিতি ও ডিন নির্বাচন কেন হতে পারবে না?" অন্যান্যের মধ্যে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. আনোয়ার হোসেন, রহমত উল্লাহ, মুহাম্মাদ সামাদ, সাদেকা হালিম প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/একেএম/বিআর/জেকে/এমএ/২১২৩ঘ.