ঢাকা, এপ্রিল ০২( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামোর অনুরূপ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদেরও বেতন ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি।
জাতীয় প্রেস ক্লাবে বুধবার সংবাদ সম্মেলনে সমিতি এ ছাড়াও আরো ৮ দফা দাবি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পড়েন সংগঠনের চেয়ারম্যান মাওলানা এম এ লতিফ।
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্থায়ী স্বীকৃতি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, ৫ম শ্রেণীতে মেধা ভিত্তিক বৃত্তি প্রদান, সিডরে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় সাহায্য প্রদান, শিক্ষক-কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং সব শিক্ষক-কর্মচারীর জন্য রেশনিং প্রথা চালু করা।
এমএ লতিফ বলেন, "বিগত সরকারের শিক্ষামন্ত্রী ২০০৬ সালে মাদ্রাসা শিক্ষকদের সম্মেলনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের নিবন্ধিত প্রাথমিক শিক্ষকদের মতো বেতন প্রদানের ঘোষণা দিয়েছিলেন। তবে তা বাস্তবায়িত হয়নি।"
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন, মাওলানা দেলওয়ার হোসেন, সেলিম ভূইয়া, শেখ নজরুল ইসলাম মাহবুব, আক্কাস আলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এমএ/২০২৬ ঘ.
bdnews24