ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বসুন্ধরা সিটিতে আগামী ৩ এপ্রিল শুরু হচ্ছে চারদিনব্যাপী দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক শিক্ষা মেলা।
মেলার আয়োজক প্রতিষ্ঠান ই-থ্রি সলিউশনস (এক্সট্রিম, এক্সজিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেড) রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।
আয়োজকরা জানান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সাইপ্রাস, থাইল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, পোল্যান্ড, সিঙ্গাপুর ও বাংলাদেশের ৫৫টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান ও শিক্ষাঋণ প্রদানকারী কয়েকটি ব্যাংক এ মেলায় অংশ নেবে।
এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের বাইরের শিক্ষা ব্যবস্থা, ভর্তি প্রক্রিয়া, পড়ালেখার খরচসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। শেষ হবে ৬ এপ্রিল। ঢাকার মেলা শেষে ১০ থেকে ১২ এপ্রিল চট্টগ্রামেও মেলার আয়োজন করবে ই-থ্রি সলিউশনস।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ জেড এম ফজলে রাব্বী খান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিমও এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/জেকে/২২১৯ ঘ.
bdnews24