২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ১৫৬ পরীক্ষার্থী বহিষ্কার

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে রোববার একজন প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক ও এক পরিদর্শকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ১৫৬ জন পরীক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে রোববার একজন প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক ও এক পরিদর্শকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ১৫৬ জন পরীক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষকরা হলেন, যশোরের চন্দ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, ভোলার তমিজউদ্দিনের সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বকুল চন্দ্র দাস এবং পিরোজপুর জিয়া নগর এসবি মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক নাজমুল ইসলাম। এছাড়া কারিগরী বোর্ডের অধীনে শেরপুর টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজে আশফাকুর রহমান নামের এক পরিদর্শককে বহিষ্কার করা হয়। শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ঢাকা বোর্ডে ২০ জন, রাজশাহীতে ১৭ জন, যশোরে পাঁচজন, বরিশালে ১০ জন, কুমিল্লায় ছয়জন, চট্টগ্রামে চারজন ও সিলেট বোর্ডে একজনকে বহিষ্কার করা হয়। এছাড়া দাখিলে ৩৮ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৫৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী, নয়টি শিক্ষা বোর্ডে রোববার ৪২৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ঢাকা বোর্ডে ৬৭৩ জন, রাজশাহীতে ২৪৮ জন, যশোরে ৩৯১ জন, বরিশালে ৪১৯ জন, সিলেটে ১২৮ জন, কুমিল্লায় ৩২০ জন ও চট্টগ্রামে ১৫৭ জন অনুপস্থিত ছিল। এছাড়া দাখিল পরীক্ষায় ১২৭৬ জন ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৬৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর আগে ২৭ মার্চ প্রথম দিনের পরীক্ষায় নয় বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৬৪০ জন। ওইদিন ১১৭ পরীক্ষার্র্থী এবং তিন শিক্ষককে বহিষ্কার করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ২৫ হাজার ৮০৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১০ লাখ ১৩ হাজার ৩০১ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৭ লাখ ৪৭ হাজার ৫৪৫ জন, দাখিল পরীক্ষার্থী এক লাখ ৮৩ হাজার ৩৮১ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ৮২ হাজার ৩৭৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমইউএ/টিএইচ/জেকে/এমএইচবি/২২১১ ঘ.