২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০০৮ সালের এসএসসি পরীক্ষা। একইসঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০০৮ সালের এসএসসি পরীক্ষা। একইসঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের সাতটি শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে ২৫ হাজার ৮০৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ ১৩ হাজার ৩০১ জন শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নিচ্ছে। এসএসসি পরীক্ষা দেবে ৭ লাখ ৪৭ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩ লাখ ৮৩ হাজার ৭৭০ জন ছাত্র এবং ৩ লাখ ৬৩ হাজার ৭৭৫ জন ছাত্রী। ১ লাখ ৭৭ হাজার ৬২৮ জন বিজ্ঞান বিভাগে, ৩ লাখ ২৯ হাজার ৬০৬ জন মানবিকে এবং ২ লাখ ৪০ হাজার ৩১১ জন ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) শাখা থেকে পরীক্ষায় অংশ নেবে। শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, সাত বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৫৮ জন, রাজশাহী বোর্ডে ২ লাখ ৮ হাজার ৬৪৬ জন, কুমিল্লা বোর্ডে ৭৬ হাজার ৯৯০ জন, যশোরে ১ লাখ ৬ হাজার ১৩৯ জন, চট্টগ্রামে ৫৫ হাজার ৮৮ জন, বরিশালে ৪৯ হাজার ১১৬ জন এবং সিলেট বোর্ডে ৩১ হাজার ৮০৮ জন। মাদ্রাসা বোর্ডের দাখিলে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩৮১ জন। যার মধ্যে ১ লাখ ১৫৯ জন ছাত্র এবং ৮৩ হাজার ২২২ জন ছাত্রী। কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ৮২ হাজার ৩৭৫। এর মধ্যে ৫৭ হাজার ২৬২ জন ছাত্র এবং ২৫ হাজার ১১৩ ছাত্রী। এসএসসিতে সাত বোর্ডের মোট কেন্দ্র সংখ্যা ৮৯৪টি, দাখিলে ৪৭৭টি এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কেন্দ্র সংখ্যা ৪৬৬টি। এসএসসিতে মোট ১৫ হাজার ১৩৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে। অন্যদিকে দাখিলে ৯ হাজার ১৬৮টি মাদ্রাসা এবং ভোকেশনালে ১ হাজার ৫০৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। দেশের ভেতর ছাড়াও ঢাকা বোর্ডের অধীন বিদেশের মোট সাতটি কেন্দ্রে ২১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। বুধবার ঢাকা বোর্ডে সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম জানান, পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। তিনি বলেন "পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী নকল নিয়ে প্রবেশ করলে এর দায়-দায়িত্ব কেন্দ্র সচিবকেও বহন করতে হবে। এজন্য আইন অনুযায়ী তারও শাস্তি হবে।" সংবাদ সম্মেলনে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোজাহার হোসেন, উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) ড. মো. জয়নুল আবেদীন সরকার, উপ পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. ফজলে এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন। ২০০৭ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ৭ লাখ ৯৬ হাজার ৭৩ জন। এবার তা কমে ৭ লাখ ৪৭ হাজার ৫৪৫ জন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/১৭৪৪ ঘ.