ঢাকা মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, এবার পরীক্ষায় নকলসহ যে কোনও অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।
সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির পাশাপাশি ২৭ মার্চ থেকে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরী বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও শুরু হচ্ছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, "পরীক্ষায় যে কোনও ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর সারা দেশে সাতটি শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের অধীনে ২৫ হাজার ৮০৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ ১৩ হাজার ৩০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এবার এসএসসিতে অংশ নিচ্ছে ৭ লাখ ৪৭ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩ লাখ ৮৩ হাজার ৭৭০ জন ছাত্র এবং ৩ লাখ ৬৩ হাজার ৭৭৫ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৬২৮ জন বিজ্ঞান বিভাগে, ৩ লাখ ২৯ হাজার ৬০৬ জন মানবিকে এবং ২ লাখ ৪০ হাজার ৩১১ জন ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) শাখা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে।
সাত বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৫৮ জন, রাজশাহী বোর্ডে ২ লাখ ৮ হাজার ৬৪৬ জন, কুমিল্লা বোর্ডে ৭৬ হাজার ৯৯০ জন, যশোরে ১ লাখ ৬ হাজার ১৩৯ জন, চট্টগ্রামে ৫৫ হাজার ৮৮ জন, বরিশালে ৪৯ হাজার ১১৬ জন এবং সিলেট বোর্ডে ৩১ হাজার ৮০৮ জন।
মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩৮১ জন। যার মধ্যে ১ লাখ ১৫৯ জন ছাত্র এবং ৮৩ হাজার ২২২ জন ছাত্রী।
কারিগরী বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ৮২ হাজার ৩৭৫। এর মধ্যে ৫৭ হাজার ২৬২ জন ছাত্র এবং ২৫ হাজার ১১৩ ছাত্রী।
উপদেষ্টা জানান, এবার ঢাকা বোর্ডের অধীন বিদেশের মোট সাতটি কেন্দ্রে ২১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএসসিতে সাত বোর্ডের মোট কেন্দ্র সংখ্যা ৮৯৪টি, দাখিলে ৪৭৭টি এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কেন্দ্র সংখ্যা ৪৬৬টি। এসএসসিতে মোট ১৫ হাজার ১৩৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে। অন্যদিকে দাখিলে ৯ হাজার ১৬৮টি মাদ্রাসা এবং ভোকেশনালে ১ হাজার ৫০৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
এবার পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে হবে জানিয়ে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, "আমি দৃঢ় ভাবে বলতে চাই এসএসসি পরীক্ষার পরিবেশ হবে সম্পূর্ণ নকলমুক্ত।"
এসএসসিসহ সমমানের পরীক্ষায় বহিষ্কারের সংখ্যা দিন দিন কমছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, "২০০২ সালে এসএসসি পরীক্ষায় বহিষ্কার হয়েছিল ৩৫ হাজার ৯৭০ জন। সেটি কমতে কমতে গতবার ৯৮৫ জনে নেমে এসেছে।"
কোনও পরীক্ষার্থীই পাস করতে পারেনি- এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উপদেষ্টা জানান।
২০০৭ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ৭ লাখ ৯৬ হাজার ৭৩ জন। এবার তা কমে ৭ লাখ ৪৭ হাজার ৫৪৫ জন হয়েছে।
পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে শিক্ষাসচিব মোমতাজুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, "অনেকে রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দেয় না। অনেকে বিদেশ চলে যায়, কেউ কেউ নির্বাচনী পরীক্ষায় পাস করতে পারেনি। এসব কারণে এসএসসিতে পরীক্ষার্থী কিছু কমেছে। তবে মাদ্রাসা ও কারিগরিতে বেড়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/১৫৪৪ ঘ.
bdnews24