২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা আকাশের নিচে ক্লাশ করছে নড়াইলের এবিএনআর বিদ্যালয়ের শিক্ষার্থীরা

নড়াইলে আগদিয়ার চর গ্রামে এবিএনআর মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র দোচালা টিনের ঘরটি ঝড়ে ভেঙে পড়ায় খোলা আকাশের নিচে ক্লাশ করছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

নড়াইল, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে আগদিয়ার চর গ্রামে এবিএনআর মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র দোচালা টিনের ঘরটি ঝড়ে ভেঙে পড়ায় খোলা আকাশের নিচে ক্লাশ করছে শিক্ষার্থীরা। ২০ মার্চ রাতের আকস্মিক ঝড়ে ঘরটি বিধ্বস্ত হয়। অর্থাভাবে সেটা মেরামত করা সম্ভব হচ্ছে না। এর আগে কয়েক বার রক্ষা করা হয়েছে শিক্ষকদের উদ্যোগে। খোলা আকাশের নিচে ক্লাশ নেওয়ার পাশাপাশি বিদ্যালয়টিতে রয়েছে আরও অনেক সংকট। এর মধ্যে বেঞ্চের অভাবে অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে ক্লাশ করতে হয়। চার জনের বেঞ্চে গাদাগাদি করে বসতে হচ্ছে ছয় সাতজনকে। অনেকেই বাড়ি থেকে বেতের মোড়া বা টুল নিয়ে আসে। যারা আনতে পারে না তারা দাঁড়িয়ে থাকে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী স্মৃতি বিশ্বাস ও রিক্তা বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, তাদের সবচেয়ে বড় সমস্যা লেখাপড়া করার জন্য ঘর ও বসার বেঞ্চের। চার জনের বেঞ্চে গাদাগাদি করে বসতে হয় ছয় সাতজনকে। আগে না আসতে পারলে বেঞ্চে বসা যায় না। বাড়ি থেকে টুল কিংবা মোড়া নিয়ে আসতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, "এলাকার পাঁচ-ছয় কিলোমিটারের মধ্যে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় ১৯৯৫ সালের ১ জানুয়ারি ৯৪ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পাঁচ-ছয়টি গ্রামের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা শেষ করে এই বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে। গত এক যুগেও প্রতিষ্ঠানটির অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি।" তিনি জানান, ২০০৫ সালের ১ মে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক হিসেবে এমপিও ভূক্ত হয়। বর্তমানে নবম ও দশম শ্রেণীর স্বীকৃতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ২৪১ জন। ২০০৭ সালে ১৩ জনের মধ্যে ১২ জন শিক্ষার্থী এস এস সি পাশ করেছে। বিশ্বজিৎ বিশ্বাস আরও জানান, এলাকাবাসীর সহযোগিতায় টিনশেডের পাঁচটি শ্রেণীকক্ষ নির্মাণ করা হলেও অর্থাভাবে দরজা-জানালা করা হয়নি। তার উপর ২০ মার্চের ঝড়ে টিনশেডটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে। এ ছাড়া বিদ্যালয়টিকে মাধ্যমিকের স্বীকৃতি এখনও না দেওয়ায় শিক্ষকরা রয়েছেন হতাশায়। ছাত্রীদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ বা শৌচাগার, শিক্ষকদের জন্য কক্ষ ও লাইব্রেরী নেই। বিশাল একটি মাঠ থাকলেও খেলার কোনো সরঞ্জাম নেই। শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা মোকাবেলা করে পাঠদান অব্যাহত রেখেছে আগদিয়ার চর গ্রামের এবিএনআর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি। অষ্টম শ্রেণীর ছাত্র বিপ্লব কুমার জানায়, বেঞ্চের জায়গা দখলের জন্য খুব ভোরে ক্লাসে এসে বই-খাতা রেখে যেতে হয়। ঘরের জানালা না থাকায় বৃষ্টির পানি ঘরে ঢোকে। ফলে মেঝে কাঁচা থাকায় কাদা পানিতে একাকার হয়ে যায়। মেঝে স্যাঁতস্যাতে থাকার কারণে বর্ষাকালে অনেকে স্কুলে আসা বন্ধ করে দেয়। ক্লাস রুমে কোনো চেয়ার-টেবিল নেই। তাই শিক্ষকদের দাঁড়িয়েই ক্লাস নিতে হয়। দশম শ্রেণীর ছাত্র লিটু বিশ্বাস জানায়, বিদ্যালয়ে ভবন ও বেঞ্চের সংকট রয়েছে। আলাদা কক্ষ না থাকায় অনেক সময় মাঠের পাশের গাছ তলায় দাড়িয়ে ক্লাস করতে হয়। এ জন্য বাড়ি থেকে টুল কিংবা বেতের মোড়া আনতে হয়। জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মহসিন বলেন, বিদ্যালয়টির নানাবিধ সমস্যা থাকলেও শিক্ষার গুণগত মান সন্তোষজনক। এখানকার শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে ছাত্রছাত্রীদের লেখাপড়া শিখিয়ে থাকেন। আসবাবপত্র, অবকাঠামোগত সমস্যার পাশাপাশি সীমানা প্রাচীর ও ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার নির্মাণ করা জরুরি। এ বিষয়গুলো তারা দেখবেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৫৬ ঘ.