ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ৬০ শতাংশ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। বর্তমানে সিটি করপোরেশ ও পৌর এলাকা বাদে দেশের সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ শতাংশ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয়।
রোববার সকালে এলজিইডি ভবন মিলনায়তনে 'প্রাক শৈশব উন্নয়ন ও গুণগত প্রাথমিক শিক্ষা বিষয়ক বাস্তব অভিজ্ঞতা' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান। ঢাকা আহসানিয়া মিশন এই সেমিনারের আয়োজন করে।
তিনি জানান, ২০০৯ সাল থেকে শারীরিক বা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য শ্রেণীকক্ষে আলাদা আসন সংরক্ষণ করা হবে।
চা বাগানের শিশু শ্রমিক, জুম চাষের মৌসুম কিংবা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিশেষ ছুটির ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
রাশেদা চৌধুরী বলেন, 'সবার জন্য শিক্ষা' এখনও সামাজিক আন্দোলন হিসেবে দানা বাঁধতে পারেনি। অথচ এই মুহূর্তে এটা জরুরি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এম মোশারফ হোসেন ভূঁইয়া সেমিনারে বলেন, "প্রাথমিক বিদ্যালয়ে ড্রপ আউট বা ঝরে যাওয়া শিশুর সংখ্যা কমেছে। শিক্ষা উপকরণ, পদ্ধতি ও শিক্ষাঙ্গনের পরিবেশও আগের চেয়ে শিশু বান্ধব হয়েছে।"
ঢাকা আহসানিয়া মিশনের উপ-নির্বাহী পরিচালক এম এহসানুর রহমান বলেন, "শিশুর বেড়ে ওঠা, বিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করা, ভর্তির পর পিছিয়ে পড়া শিশুদের চিহ্নিত করে প্রতিটি পর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে মা ও শিশুকে প্রয়োজনীয় বিষয়গুলোতে সহায়তা করাসহ একটি শিশুবান্ধব সমাজ প্রতিষ্ঠার জন্য দেশের বিভিন্ন জায়গায় আহসানিয়া মিশনের পৃষ্ঠপোষকতায় 'বিকাশ মডেল স্কুল' কাজ করে যাচ্ছে।"
তিনি জানান, বিকাশ মডেল স্কুলের আওতায় বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের ভাষা শিক্ষা, বুদ্ধিবৃত্তিক শারীরিক গঠন, সামাজিক ও মানবিক বিকাশের জন্য আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়। এ ছাড়া শিশুদের নাচ-গান, খেলাধুলা, গল্প বলা, ছড়া ও কবিতা আবৃত্তি এবং ভাষা, গণিত, পরিবেশ ও স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক খন্দকার এম আসাদুজ্জামান, প্ল্যান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হায়দার ওয়াশিম ইয়াকুব সেমিনারে বক্তৃতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএ/১৮০২ঘ.
bdnews24