ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে শনিবার রাতে ছাত্রদলের কিছু কর্মী ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের সবাই ছাত্রলীগের কর্মী।
হামলাকারী ছাত্রদল কর্মীরা ৫টি কক্ষ ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১১টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী হলে প্রবেশ করার সময় ছাত্রদলের কর্মীরা তাদের লাঞ্ছিত করে। এরপর ছাত্রলীগের কর্মীরা একত্রিত হয়ে ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিতে থাকে। এসময়ই ছাত্রদলের কর্মীরা রড ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আহত ছয়জন হচ্ছে: মোস্তাক ,মুকুল, জাকির হোসেন, জয়, মোবারক, এবং মামুন।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু অভিযোগ করেন সূর্যসেন হল ছাত্রদল নেতা করিম সরকার নেতৃত্ব দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। টিপু অভিযোগ করেন তারা কক্ষে গিয়ে খুঁজে খুঁজে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালিয়েছে ও ভাঙচুর করেছে।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, " ছাত্রলীগের নেতাদের কাছ থেকে শুনেছি ছয়জনকে আহত করা হয়েছে। আমি প্রক্টর স্যারকে ফোন করে দোষীদের যথাযথ শাস্তি দেওয়ার কথা বলেছি। এসময় এরকম ঘটনা যেই করুক সহ্য করা হবে না।"
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, "হলে ছাত্ররা শান্ত হয়েছে। এটা তাদের নিজেদের মধ্যে বিবাদ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০১০০ঘ.
bdnews24