জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়ের বাসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুলিশি আশ্বাসের পরিপ্রেক্ষিতে ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টা থেকে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।
গাবতলীতে বিশ্ববিদ্যালয়ের বাসে শ্রমিকদের হামলার জের ধরে বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা পাঁচটি যানবাহন ভাংচুর ও দুটিতে আগুন ধরিয়ে দেয়।
শিক্ষার্থীরা জানান, শনিবার দুপুর ২টার দিকে শিক্ষার্থীদের নিয়ে একটি বাস ক্যাম্পাস থেকে ঢাকার দিকে রওনা দেয়। গাবতলীর মাজার রোড এলাকায় শ্রমিকবাহী একটি পিকআপের সঙ্গে এর ধাক্কা লাগে। এ নিয়ে বাস ও পিকআপের চালকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন পিকআপ চালককে চড়-থাপ্পর দেয়। এরপর পিক-আপের যাত্রী শ্রমিকরা বাসটি ভাংচুর করে ও শিক্ষার্থীদের মারধর করে। হামলায় কমপক্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হন।
এ খবর ক্যাম্পাসে পৌঁছানোর পর বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেইরি ফার্ম গেটে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং বাস ভাংচুর করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সৈয়দ কামরুল আহসান ও আশুলিয়া থানা পুলিশ হামলার বিষয়ে ব্যবস্থা নিতে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/টিএইচ/এসএনডি/১৯০৭ ঘ.
bdnews24