ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শনিবার ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকাল সাড়ে ১১টার দিকে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পারভেজ রেজা ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন গ্র"পের মধ্যে ওই সংঘর্ষ বাঁধে। দুই পক্ষ লাঠি, হকিস্টিক, রড নিয়ে একে অপরের অপর হামলে পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে হটিয়ে দেয়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শাওনকে গ্রেপ্তার করা হয়।
ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে ওই সংঘর্ষ চলার সময় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দিকে দৌড়ে পালাতে দেখা যায়।
সংঘর্ষে আহত বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নোমান, আরিফ, সাখাওয়াত ও সুমন; সমাজ বিজ্ঞান বিভাগের মানিক, অর্থনীতি বিভাগের জুয়েল ও বাংলা বিভাগের শাহাদাৎকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ছাত্রদলের দুই গ্র"পের সংঘর্ষ হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24