ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা লাঞ্ছানার প্রতিবাদে ডাকা শিক্ষকদের কর্মবিরতি শনিবার আংশিক প্রত্যাহার করা হয়েছে। নুতন কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা প্রতিদিন বেলা ১টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন।
বাংলা বিভাগের এক শিক্ষিক্ষাকে লাঞ্ছিত করার প্রতিবাদে গত রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
শনিবার বেলা ১১টায় কলা ভবনের মিলনায়তনে শিক্ষক সমিতির সভায় প্রতিদিন বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়।
সভা শেষে সমিতির সদস্য সচিব প্রক্টর কাজী আসাদ সাংবাদিকদের কাছে নতুন কর্মসূচির কথা জানিয়ে বলেন, "বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে। এরপরও দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।"
এদিকে, বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষায় উত্তীর্র্ণদের মৌখিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে বাংলা ক্লাস থেকে মোহাম্মদ ইমরান হোসেন ও মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একদল ছাত্র শাহীনুর রহমান অভি নামে একজনকে বের করে নিয়ে যেতে চাইলে বাধা দেন ওই শিক্ষিকা। এসময় তারা শিক্ষিকার সঙ্গে অসদাচরণ করে। এরপর দুপুরে ওই শিক্ষিকাকে বাসের ভিতর লাঞ্ছিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৯৪৪ ঘ.
bdnews24