আল আমীন দেওয়ান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসন সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। নয়টি আবাসিক হলে নতুন শিক্ষার্থীদের কেউই এ বছর আসন পাবে না বলে মনে করা হচ্ছে। এমনকি আগামী দেড় বছরের মধ্যে তারা আসন নাও পেতে পারেন।
বেশিরভাগ বিভাগে দুই থেকে তিন বছরের সেশনজট বিদ্যমান থাকায় এবং সে কারণে বেশি সময় শিক্ষার্থীরা হলে অবস্থান করায় এ সঙ্কট তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে মনে করেন হল প্রভোস্টরা। এর পাশাপাশি আসন বাতিল হওয়ার পরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মী এবং বহিরাগতদের হলে অবস্থানও আরেকটি কারণ।
উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমীন দেওয়ানকে বলেন, "সংকট থেকে উত্তরণে আমরা চেষ্টা চালাচ্ছি। দুটি নতুন হল তৈরির জন্য সরকারের কাছে প্রকল্পসহ প্রস্তাব পাঠানো হয়েছে।"
হলে আসন বন্টনে অনিয়ম এবং সকল ছাত্র সংগঠনের সহাবস্থানের বিষয়ে তিনি বলেন, "বিগত সময়ের এই সমস্যাগুলোর সমাধানে বর্তমান প্রশসান অনেক পদক্ষেপ নিয়েছে। সিট বন্টনের বিষয়টি এখন কেন্দ্রীয়ভাবে করা এবং হলগুলোতে যাতে বহিরাগতরা থাকতে না পারে সেজন্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।"
চলতি ২০০৭-০৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৩৫টি বিভাগে দুই হাজার ৯১৫জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। দ্বিতীয় বর্ষে ওঠার ছয় মাস পর এদের মধ্যে প্রতি বিভাগের দুই থেকে তিনজন শিক্ষার্থী হলগুলোতে আসন পেতে পারে বলে জানিয়েছেন প্রভোস্টরা।
শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন শিগগিরই এ সমস্যা সমাধানের সম্ভাবনা নেই বলে জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন একটি জায়গায় এসে এই শিক্ষার্থীদের বিপদে পড়ার সম্ভাবনা বেশি। থাকা-খাওয়ার বন্দোবস্তের ফেরে পড়ে অনেকেরই প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল ভাল হয় না। অনেকেই নিজের অজান্তে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ে। কেউবা শেষ পর্যন্ত চলে যায় বিশ্ববিদ্যালয় ছেড়ে।"
বিশ্ববিদ্যালয়ের নিয়মিত হিসেব অনুযায়ী নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী ছাড়া বর্তমানে ১৭ হাজার ৯২৮ জন শিক্ষার্থী আছেন।
ছাত্রদের জন্য শাহ আমানত, আব্দুর রব, সোহরাওয়ার্দী, শাহজালাল, আলাওল ও এফ রহমানসহ ছয়টি আবাসিক হলে আসন রয়েছে তিন হাজার। অপরদিকে ছাত্রীদের জন্য শামসুন্নাহার, প্রীতিলতা ও খালেদা জিয়া হলে আসন রয়েছে প্রায় দেড় হাজার। এই সাড়ে চার হাজার আসনের নয়টি হলে বর্তমানে শিক্ষার্থী অবস্থান করছেন আট হাজারেরও বেশি। আসনের অতিরিক্ত শিক্ষার্থী হলে অবস্থান করছেন। মেয়েদের হলগুলোর চিত্র খুবই করুণ। সেখানে চারজনের রুমে কমপক্ষে আট থেকে ১০ জন ছাত্রী থাকছেন। এর মধ্যে জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিয়ন্ত্রণ বজায় থাকায় হলগুলোতে তাদের নেতা-কর্মী ও সমর্থকরা আসন পাচ্ছেন। যদিও শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এ অভিযোগ অস্বীকার করেছেন।
শহীদ সোহরাওয়ার্দী প্রভোস্ট এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী বলেন, "নতুনরা যে সামান্য কিছু আসন পেয়ে থাকে তা বরাদ্দ পেতে দেড় বছর পার হয়ে যায়। অথচ বিশ্ববিদ্যলয়ে ভর্তি হওয়ার পর দ্রুত তাদের আবাসনের ব্যবস্থা করা উচিত।"
তিনি বলেন, "আাগামী প্রভোস্ট কমিটির সভায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে।"
আবাসিক হলগুলোতে আসন না পেয়ে শিক্ষার্থীরা বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কটেজে থাকতে বাধ্য হচ্ছেন। এগুলোতেও রয়েছে নানা সমস্যা। অভিযোগ আছে রাজনৈতিক পরিচয় ছাড়া এখানেও কেউ আসন পায় না। নেই থাকা, খাওয়া ও নিরাপত্তার ব্যবস্থা। হলগুলোর পাশাপাশি এই কটেজগুলোও ছাত্র শিবিরের শক্ত ঘাঁটি। কটেজগুলো নিয়ন্ত্রণের জন্য ছাত্র শিবিরের 'কটেজ শাখা' নামে আলাদা কমিটিও রয়েছে।
আবাসন সংকট বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল আহমেদ বিদ্যুৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বরাবরের মত হলগুলো এখনও ছাত্র শিবিরের পুরোপুরি দখলে। সেখানে অন্যান্য ছাত্রসংগঠনের অবস্থান কখনও তারা মেনে নেয়নি। অন্য সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রগতিশীল কোন সংগঠনের সংশ্লিষ্টতা দেখলে তার ওপর নেমে আসে শিবিরের অমানুষিক নির্যাতন।"
এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ শিহাব উল্ল্যাহ অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তাদেরই হলে আসন পাওয়ার যোগ্যতা নেই।"
বেশিরভাগ শিবিরের নেতাকর্মী হলে কীভাবে অবস্থান করছেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের নেতাকর্মীরা অসম্ভব মেধাবী, তারা তাদের যোগ্যতা দিয়েই হলে আসন পাচ্ছেন, দলীয় মদদে নয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এএল/এমএসবি/১৫৩৭ ঘ.
bdnews24