চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ফয়েস লেক ও জোবরার চেনা ক্যাম্পাসে দুদিন হৈ হুল্লোড়, আড্ডা স্মৃতিচারণ আর প্রিয় সহপাঠীদের নিয়ে আবেগাপ্লুত সময় কাটানোর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী- 'বাঙলা সম্মিলন' শেষ হয়েছে।
বাঙলা সম্মিলনের শেষ দিন শনিবার সকালে বাংলা বিভাগের পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী নগরীর ডিসি হিল চত্ত্বর থেকে বাসে চড়ে সকাল ১১টায় ক্যাম্পাস পৌঁছালে ঢোলের বাজনা আর ফুলের পাপড়ি ছড়িয়ে তাদের বরণ করে নেন বর্তমান শিক্ষার্থীরা। প্রাক্তন আর বর্তমান শিক্ষার্থীদের এই মিলন উৎসবে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস।
এরপর শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের শোভাযাত্রা। এতে যোগ দেন বর্তমান ছাত্র-ছাত্রীরাও। নাচে-গানে আর বাজনায় তালে তালে শোভাযাত্রা পুরো ক্যাম্পাস ঘুরে এসে থামে মূল অনুষ্ঠানস্থল মুক্তমঞ্চে।
দুপুর বারটায় অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বরেণ্য শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান। তারপর শুরু হয় স্মৃতিচারণ, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান। চাকসু ক্যাফেটরিয়ায় মধ্যাহ্ন ভোজ শেষে শুরু হয় অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব। প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন তাদের ক্যাম্পাস জীবনের। স্মৃতিচারণ করেন সেই সময়ে না বলা সুখ-দু:খ ও পাওয়া না পাওয়ার স্মৃতি।
বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র ও বর্তমান শিক্ষক ড. আনোয়ারুল আজিম (ময়ুখ চৌধুরী), ড. মোহাম্মদ মহীবুল আজিজ, ড. মোহাম্মদ নূরুল আমিন, ড. শিরিন আক্তার, ড. মাহবুবুল হক স্মৃতিচারণ করেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যুগ্ম সচিব রওশন আরা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, চট্টগ্রামের ব্যুরো প্রধান ফারুক ইকবাল, দৈনিক ভোরের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান কবি ওমর কায়সার, দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলা বিভাগের শিক্ষক ও বর্তমান চেয়ারম্যান ড. শিপ্রা রক্ষিত দস্তিদার ও ড. মো. আবুল কাশেম। এসময় তবলায় ছিলেন বিভাগের সাবেক চেয়ারম্যান ড.সৌরেন্দ্রনাথ বিশ্বাস।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে আরেকবার প্রিয় বন্ধুকে জড়িয়ে ধরা, যোগাযোগ রাখার প্রতিশ্র"তির মধ্য দিয়ে উৎসবে বিষাদের ছায়া পড়ে। বিকাল পাঁচটায় সাঙ্গ হয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দুদিনব্যাপী এই মিলনমেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24