মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুস্পষ্ট নীতিমালার অভাবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের প্রদেয় টিউশন ফি ও শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য বিষয়ে দেখা দিয়েছে বৈষম্য। এ ছাড়া মেধা যাচাই ও অবকাঠামোগত অবস্থা বিবেচনায় না এনেই চলছে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি।
রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া মঞ্জুরী কমিশনের এক বার্ষিক প্রতিবেদনে এসব তুলে ধরা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, আয়-ব্যয়ের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা না থাকায় শিক্ষার্থীদের টিউশন ফি ও শিক্ষকদের বেতন-ভাতার বিষয়ে এসব বিশ্ববিদ্যালয়গুলোতে অযোক্তিক পার্থক্য সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে ছাত্র ভর্তি, বেতন-ভাতা ও টিউশন ফি'র বিষয়ে সুস্পষ্ট নীতিমালা করার সুপারিশ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকটি বিশ্ববিদ্যালয় মেধা যাচাই করে ছাত্র ভর্তি করলেও বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেধা যাচাই ও অবকাঠামোগত অবস্থা বিবেচনা না করেই অতিরিক্ত ছাত্র ভর্তি করছে। এতে শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে। আমরা এ বিষয়ে পর্যবেক্ষণ করবো।"
তিনি আরো বলেন, "সুস্পষ্ট নীতিমালা না থাকায় বিশ্ববিদ্যালয়গুলোর বেতন ভাতা ও টিউশন ফির মধ্যে বড় পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। তবে প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে আয়-ব্যয় সংক্রান্ত সুস্পষ্ট নীতিমালার উল্লেখ থাকবে।"
তবে এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম হায়দার বলেন বলেন ভিন্ন কথা। তার মতে, "যদি কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ম না মেনে ছাত্র ভর্তি করে থাকে তাহলে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করলে আমরা স্বাগত জানাবো। কিন্তু ঢালাও ভাবে অভিযোগ আনা ঠিক না।"
"বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রায়ই বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ঢালাও অভিযোগ করে থাকে, এটা বন্ধ করতে হবে। তাছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় তদারকির জন্য তাদের আইন ঠিক করতে হবে", বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওই বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয় সংক্রান্ত সুস্পষ্ট কোন নীতিমালা নেই। ফলে বেসরকারি শিক্ষার্থীদের টিউশন ফি, শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অযোক্তিক পার্থক্য পরিলক্ষিত হয়। এ সকল ক্ষেত্রে একেক বিশ্ববিদ্যালয়ে একেক নিয়ম কার্যকর রয়েছে। এ ব্যাপারে নতুন করে চিন্তা -ভাবনা করা প্রয়োজন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে সহজলভ্য ও সকলের জন্য উন্মুক্ত রাখার জন্য এবং মেধাবী-দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের পথ সুগম করতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফি ও চার্জ সহনশীল পর্যায়ে রাখা উচিত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের, বিশেষ করে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা ও শিক্ষার্থীদের ্িটউশন ফি ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।"
প্রতিবেদনে আরও বলা হয়, "যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের প্রধান উৎস শিক্ষার্থীদের টিউশন ফি, সেহেতু অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোন মেধা যাচাই না করে এবং অবকাঠামোগত অবস্থা বিবেচনায় না এনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে থাকে। কিন্তু উচ্চ শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর মেধা ও যোগ্যতাও গুরুত্বপূর্ণ। তাই কেবল আর্থিক দিক বিবেচনায় এনে অতিরিক্ত ছাত্র-ছাত্রী নয়; বরং মেধার ভিত্তিতে অবকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থী ভর্তি করানো উচিত। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও সুযোগ সুবিধা অনুযায়ী একটি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট কতজন শিক্ষার্থী ভর্তি করতে পারে তা নির্ধারণ করে দেওয়া যেতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমইউএ/এএল/এমএ/১৪৪৮ঘ.
bdnews24