২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ছাত্রকে মারধরের ঘটনায় মিরপুর সড়ক একঘণ্টা অবরুদ্ধ

গাউছিয়া মার্কেটের হকারদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র প্রহৃত হওয়ার জের ধরে রোববার ছাত্ররা প্রায় এক ঘণ্টা মিরপুর সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 06:34 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাউছিয়া মার্কেটের হকারদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র প্রহৃত হওয়ার জের ধরে রোববার ছাত্ররা প্রায় এক ঘণ্টা মিরপুর সড়ক অবরোধ করে রাখে। ওই ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিজন সাহাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজন তিন হকারকে আসামি করে নিউমার্কেট থানায় একটি মামলা করেছেন এবং পুলিশ মিজানুর রহমান (৩২), নূর ইসলাম (৩৫) ও রুবেল (২২) নামের তিন আসমিকে গ্রেপ্তার করেছে। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক ওমর খৈয়াম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র গাউছিয়া মার্কেটের সামনে কেনাকাটা করতে যায়। একপর্যায়ে হকারদের সঙ্গে ছাত্রদের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।" ওই দুই ছাত্রের একজন গোবিন্দ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ও বিজন বিকেলে নিউমার্কেট ওভারব্রিজের নিচে ফুটপাতে স্যান্ডেল কিনতে যান। দোকানদারের সঙ্গে দর কষাকষির এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে দোকানদার মিজানুর কাঠ দিয়ে বিজনকে আঘাত করে। এতে বিজনের ডান হাত ভেঙে যায়। পাশের ঢাকা কলেজের ছাত্ররা ঘটনাটি শুনে তাদের ঢাকা কলেজের ছাত্র মনে করে এবং কলেজের সামনের রাস্তা অবরোধ করে। বিকেল সোয়া ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা অবরোধ চলাকালে আজিমপুর থেকে সায়েন্স ল্যাবরোটরি মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্ররা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। গুরুতর আহত বিজনকে রাতে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। গোবিন্দ সাহা একই বিভাগের তৃতীয় বর্ষে পড়েন। নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, বিজন সাহা সন্ধ্যার পর তিন হকারের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর মিজানুর, নূর ইসলাম ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জিএমএ/টিএইচ/জেকে/এমএইচবি/০০১২ ঘ.