ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরে পাঠ্যবইয়ের সঙ্কট দেখা দেওয়ায় নতুন করে আরও বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
সোমবার এনসিটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ২০০৮ সালের শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর জন্য এক কোটি ৭৩ লাখ ৩২ হাজার ১০৪ কপি পাঠ্যপুস্তক বাজারজাত করা হয়েছে। তবে বাজার তদারকি কমিটির মাধ্যমে আরও কিছু চাহিদার কথা গেছে। এজন্য এনসিটিবি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বই পুনঃমুদ্রণের সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থার সচিব অধ্যাপক সিরাজুল হক স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বইয়ের সাময়িক অপ্রতুলতার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়।
এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. মছির উদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "প্রয়োজন অনুযায়ী নতুন করে আরও বই ছাপানো হবে।"
তিনি বলেন, "শিক্ষার্থীরা এ বছর কাঠামোবদ্ধ প্রশ্নপত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই নতুন করে কিনছে। এজন্য এ ধরনের বইয়ের বেশি চাহিদা সৃষ্টি হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/২০৩৫ ঘ.
bdnews24