২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন ৩১ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার ছিল এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে সমিতির ২০০৯ সালের কার্যকরী কমিটি নির্বাচিত করবেন শিক্ষকরা। হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে ২০০৮ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 06:47 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার ছিল এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে সমিতির ২০০৯ সালের কার্যকরী কমিটি নির্বাচিত করবেন শিক্ষকরা। হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে ২০০৮ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমিতির গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে জানুয়ারিতে নতুন কমিটির কাছে দায়িত্ব অর্পণ করার কথা। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে ২০০৮ সালের জন্য সমিতির কার্যকরী কমিটির নির্বাচন হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।" ২০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ফজলে এলাহী। এ বছর সাদা দলে (বিএনপি-জামায়াত) সভাপতি পদে ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। নীল দলে (আওয়ামী লীগ ও বামপন্থী) সভাপতি পদে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক এবং সাধারণ সম্পাদক পদে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। কোষাধ্যক্ষ পদে সাদা দলে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং নীল দলে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমিতির এবারের নির্বাচনে প্রায় ১২শ ভোটার রয়েছেন। ২০০৮ সালের শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০০৭ এর ডিসেম্বরে। কিন্তু হাইকোর্টের নির্দেশে তা অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ এ বছরের ১২ এপ্রিল আবারও নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। গত ৮ এপ্রিল হাইকোর্ট আবারও নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/ডিডি/জেকে/০০৩০ ঘ.