২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের জেরে চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের জের ধরে মঙ্গলবার ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের জের ধরে মঙ্গলবার ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের সঙ্গে বিরোধের জের ধরে গত দু'দিন ক্যাম্পাসে এবং আশেপাশের এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সন্ধ্যায় চুয়েট থেকে বাসে চড়ে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ওভারটেক করা নিয়ে একটি সিএনজি অটোরিকশার যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এ সময় অটোরিকশার যাত্রী ও গ্রামবাসীরা শহরগামী বাসে হামলা চালালে ১০ জন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে রেজা নুন নিয়ন নামের এক ছাত্রের অবস্থা আশংকাজনক। তার বাবা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর নিয়নের এখনও জ্ঞান ফেরেনি। এর আগে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার রাতে প্রায় দুই ঘণ্টা কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ব্যারিকেড দিয়ে রাখে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে আবারও ক্যাম্পাসের মূল ফটকে সমবেত হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ এবং দুপুর দুইটার মধ্যে ছাত্রদের হল ও বিকাল চারটার মধ্যে ছাত্রীদের হল খালি করার সিদ্ধান্ত হয়। অবশ্য নির্ধারিত তারিখে ভর্তি কার্যক্রম সচল রাখার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ খবর শুনে উত্তেজিত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ভাংচুর করে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এদিকে, শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ছাত্রদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তারা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ছাত্রদের ওপর হামলার ঘটনায় রেজিস্টার ওয়াহিদুজ্জামান বাদি হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় পুলিশ সিএনজি অটোরিকশা চালক ওমরা খানসহ সুলতান আহমেদ, শাহজাহান ও আব্দুল মালেক নামের চারজনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২১০৯ঘ.