২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যে কালি

বলাকা ভাস্কর্যে একটি ইসলামী সংগঠনের হামলার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসের সামনের শিল্পকর্ম ও ভাস্কর্যে কালো কালি লেপে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একে মৌলবাদীদের কাজ বলে অভিযোগ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলাকা ভাস্কর্যে একটি ইসলামী সংগঠনের হামলার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসের সামনের শিল্পকর্ম ও ভাস্কর্যে কালো কালি লেপে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একে মৌলবাদীদের কাজ বলে অভিযোগ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসীন হলের সামনে শহীদ ছাত্রনেতা রাউফুন বসুনিয়ার আবক্ষ মূর্তি ও চারুকলা ইন্সটিটিউটের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের এক শিল্পকমে কালি লেপে দেওয়া হয়। রোববার এসব ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রগতিশীল ছাত্রজোট এ ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যের মুখ কালো কাপড় দিয়ে বেঁধে দিয়েছে। বিকেলে 'সচেতন শিল্পী সমাজ' ব্যানারে চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিল্পীরা বিক্ষোভ মিছিল করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে চারুকলা অনুষদের ডিন ও শিল্পী অধ্যাপক রফিকুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাস্কর্য সংক্রান্ত এ ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। যারা এটা করছে তারা এখন একটা চ্যালেঞ্জ হিসেবে এটাকে নিয়েছে। অবিলম্বে সরকারের এটা দেখা উচিত যাতে এখানেই এর শেষ হয়। কারণ এখনই চূড়ান্ত সময়, এ বিষয়কে আর বাড়তে দেওয়া উচিত নয়।" প্রবীণ এ শিল্পী আরও বলেন, "কারা, কেন, কাদের মদদে শিল্পকর্ম ধ্বংসের প্রক্রিয়ায় মেতে উঠেছে সরকারকে তা খতিয়ে দেখতে হবে। তা না হলে ব্যাপারটা খুবই খারাপ পর্যায়ে চলে যাবে।" সংস্কৃতি কর্মী আহমেদ মুনিরুদ্দীন বাউল ভাস্কর্যের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেড় মাসেরও বেশি সময় ধরে সংস্কৃতিকর্মীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে এলেও সরকারের নিশ্চুপ অবস্থানের কারণে এ ধরণের ঘটনা আরো বাড়ছে। মৌলবাদীরা প্রকাশ্যে লিফলেট বিলি করছে এবং আল ইহসান পত্রিকায় মানুষ মারার হুমকি দিচ্ছে কিন্তু এখনও সরকার নিশ্চুপ।" শনিবার রাতে রাজধানীর মতিঝিল এলাকার বলাকা ভাস্কর্যটির ওপর হামলা চালায় উলামা আঞ্জুমানে আল বাইয়্যিনাত নামে ইসলামী একটি সংগঠনের কর্মীরা। তারা ভাস্কর্যের ছয়টি বকের মূর্তির ১২টি পায়ের পলেস্তারা খসিয়ে ফেলার পর পুলিশের বাধার মুখে পিছু হটে। এর আগে গত ১৫ অক্টোবরই উগ্রপন্থীদের বিরোধিতার মুখে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে একটি ভাস্কর্য সরিয়ে নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এসকে/২১২৯ঘ.