২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে ঢাবিতে ভর্তির শর্ত স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে ভর্তির শর্ত স্থগিত করায় শুক্রবার ভর্তি পরীক্ষার দিন ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। মাদ্রাসা ছাত্রদের তথাকথিত অধিকার সংরক্ষণের দাবিতে বেনামে আন্দোলনরত জামায়াতে ইসলামী সমর্থক ইসলামী ছাত্র শিবির ধর্মঘটের ডাক দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে ভর্তির শর্ত স্থগিত করায় শুক্রবার ভর্তি পরীক্ষার দিন ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। মাদ্রাসা ছাত্রদের তথাকথিত অধিকার সংরক্ষণের দাবিতে বেনামে আন্দোলনরত জামায়াতে ইসলামী সমর্থক ইসলামী ছাত্র শিবির ধর্মঘটের ডাক দেয়। শুক্রবার ঢাবি'র ২০০৮-০৯ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের ৬ টি বিভাগে ভর্তির শর্ত বাতিলের দাবিতে মৌলবাদীরা গত এক মাস যাবত আন্দোলন করছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ভর্তির জন্য নির্ধারিত ন্যুনতম যোগ্যতা নিয়ে যারা আবেদন করেছে তারা সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিষয় নির্বাচনের ব্যাপারে সাধারণ ভর্তি কমিটি এবং প্রয়োজনে একাডেমিক পরিষদের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।" এতে আরো বলা হয়েছে, "সিদ্ধান্ত গ্রহণের আগে যে সব বিভাগে বিশেষ চাহিদা দেওয়া হয়েছিল তার কার্যকারিতা স্থগিত থাকবে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি' নামে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামায়াতে ইসলামীর সমর্থক ইসলামী ছাত্রশিবিরের শিক্ষার্থীরা দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল দশটায় জাতীয় পতাকা ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে। এরপর তারা উপাচার্যের কার্যালয়ের সামনে প্রায় সাড়ে তিন ঘন্টা অবস্থান করে। বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের শিবির কর্মী বলে চিহ্নিত করেন। স্যার এ এফ রহমান হলের এক ছাত্র এ প্রতিবেদককে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে দেখিয়ে বলেন, মোহাম্মদ হাসিব নামের ছাত্রটি এফ রহমান হলের ইসলামী ছাত্র শিবিরের নেতা। কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে তারা সাময়িকভাবে ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে। দু'দিনের মধ্যে ৬ টি বিভাগে ভর্তির শর্ত বাতিল করা না হলে তারা ১ ডিসেম্বর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ধর্মঘট ঘোষণা করবে। তিনি দাবি করেন, ডিনস কমিটির বৈঠকের পর ডিনদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের এক বৈঠকে তাদের আশ্বাস দেয়া হয় এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত 'ঘ' ইউনিটের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কলা ভবনের গেটে সাঁটানো নোটিস বোর্ড ভাঙচুর করে। এতে সিট প্ল্যান দেখতে আসা অভিভাবক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে, বিভিন্ন বিভাগে পাঠানো বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, সোমবার ১ ডিসেম্বর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাশ দুপুর বারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে না। ঢাবি'র ছয়টি বিভাগে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজী পড়ার শর্ত দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ১০০ নম্বরের বাংলা ও ইংরেজী পড়ে। এ ছয়টি বিভাগ হল, বাংলা, ইংরেজী, আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও ভাষাতত্ত্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএনএ/১৯১০ ঘ.