ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাগজপত্র জটিলতার কারণে ২৮তম বিসিএস পরীক্ষায় প্রবেশপত্র যারা পাননি, তাদের শর্ত সাপেক্ষে প্রবেশপত্র সংগ্রহের পরামর্শ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার পিএসপির এক সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেওয়া হয়। আগামী শুক্রবার ২৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পিএসসির চেয়ারম্যান সা'দত হুসেইন জানিয়েছেন, ২৭তম বিসিএস নিয়ে পিএসসির অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।
সংবাদ সম্মেলনে পিএসসির সদস্য এহসান শামীম বলেন, "সংযুক্ত কাগজপত্রের অভাবে যে সব আবেদনকারী প্রবেশপত্র পাননি, তারা ১৫ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শর্তে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।"
প্রবেশপত্র না পাওয়া প্রার্থীদের আগামী শুক্রবার পরীক্ষার আগেই পিএসসি থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে ১৫ ডিসেম্বরের মধ্যে।
তবে যারা আবেদনপত্রে নিজের নাম, পিতার নাম ভুল করেছেন বা স্বাক্ষর করেননি তারা প্রবেশপত্র পাবেন না বলে জানিয়েছেন এহসান শামীম।
তিনি বলেন, "শুধুমাত্র সংযুক্ত ডকুমেন্টের অভাব ও ডকুমেন্ট বিভ্রাটের ক্ষেত্রে আবেদনকারীদের প্রতিটি কেস স্বতন্ত্রভাবে যাচাই করে উপযুক্ত ক্ষেত্রে শর্তযুক্ত প্রবেশপত্র ইস্যু করা হবে।"
পিএসসি জানায়, ২৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য মোট ১ লাখ ২০ হাজার ৯৪৬টি আবেদনপত্র জমা হয়। তা যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৬৩ জন। বিভিন্ন কারণে ৫ হাজার ৭৮৩টি আবেদনপত্র বাতিল হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছয়টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের মোট ১০৩টি কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
২৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে সম্মেলনে পিএসপি চেয়ারম্যান সা'দত হুসেইন বলেন, "এবার বহুসেট প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। কোন সেট ব্যবহার করা হবে, তা পরীক্ষার শুরু হওয়ার কয়েক মিনিট আগে কমিশন সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট পরীক্ষা হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানাবে।"
২৭তম বিসিএসের বিষয়ে পিএসসির অবস্থান আগের মতোই আছে বলে জানান তিনি।
২৭তম বিসিএসের বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত হবে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে সা'দত হুসেইন বলেন, "ওই ফলাফলে বিন্দুমাত্র পরিবর্তন করব না আমরা।"
দলীয়করণের অভিযোগে ২৭তম বিসিএস পরীক্ষার ফলাফল গত বছর বাতিল করা হয়। পরে নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে নতুন ফলাফল ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত কর্ম কমিশন।
গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। আগের ফলাফলে নির্বাচিত প্রার্থীরা এর প্রতিবাদ করে আসছে।
শূন্য পদ সৃষ্টি করে ২৭তম বিসিএসে প্রথমবার উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হবে কি না- জানতে চাওয়া হলে সা'দত হুসেইন বলেন, "এটা সরকারের সরকারের ব্যাপার, পিএসসির সিদ্ধান্তের বিষয় নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24