২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রসহ ভূয়া ভর্তি পরীক্ষার্থী চক্রের সাতজন গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিয়ে আসছে- এ রকম একটি চক্রের সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভর্তি পরীক্ষার্থীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২০ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিয়ে আসছে- এ রকম একটি চক্রের সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভর্তি পরীক্ষার্থীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজশাহী নগরী ও বিশ্ববিদ্যালয়ের হলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) এমকে জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা গত কয়েক বছর ধরে রাবিতে বিভিন্ন বিভাগের ভূয়া প্রবেশপত্র তৈরি করে নিজেরা পরীক্ষা দিয়ে আসছেন। এর বিনিময়ে তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিচ্ছেন। এদের কাছ থেকে বিভিন্ন বিভাগের বেশ কিছু ভূয়া সিল, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষার্থীদের ছবি ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গ্রেপ্তারকৃতরা হলেন- রাবির আইন ও বিচার বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র তারেক হাসান পরেশ, তারেক মাহমুদ, ভর্তি পরীক্ষার্থী খুলনার মেজবা-উ-সালেহীন, নাটোরের কৃষি ডিপ্লোমার ছাত্র নবিউল ইসলাম, রাবির আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হুমায়ুন কবির মিথুন, মিথুনের স্ত্রী ও ভর্তি পরিক্ষার্থী মীর চৈতি এবং রাজশাহী মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র তাওহীদ। মতিহার জোনের দায়িত্বে থাকা এসি জাহাঙ্গীর জানান, সকাল ৯টার দিকে রাবির আমীর আলী হল থেকে আইন ও বিচার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র পরেশ ও তারেক, ভর্তি পরীক্ষার্থী মেজবা ও নাটোরের নবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তার নেতৃত্বে পুলিশ নগরীর টিকাপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালায়। সেখানে তল্লাশী চালিয়ে রাবির বিভিন্ন বিভাগের ৩৩টি ভূয়া সিল, ৪৬টি প্রবেশপত্র, ভূয়া প্রবেশপত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রিপন নামে ওই চক্রের একজন পালিয়ে যায় বলে তিনি জানান। দুপুর ১২টার দিকে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলামের নেতৃত্বে নগরীর শিরোইলে মিথুনের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয়- মিথুন, মিথুনের স্ত্রী চৈতি ও তাওহীদকে। মিথুনের বাসা থেকে অর্ধশতাধিক প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের শিক্ষার্থীদের দেড় শতাধিক ছবি এবং বিভিন্ন বিভাগের ১২টি ভূয়া সিল ও প্যাড উদ্ধার করা হয়। আটককৃতরা মতিহার থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এসি জাহাঙ্গীর জানান। এ ব্যাপারে প্রক্টর ড. এনামুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৫ ঘ.