রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্মের রাজনৈতিক ব্যবহার রোধ, মুক্তবুদ্ধি চর্চার সুষ্ঠু পরিবেশ তৈরি ও সংস্কৃতিকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রদায়িকতা বিরোধী ছাত্র ঐক্য নামের একটি মঞ্চ গঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন এলাকায় এক আলোচনা সভায় মঞ্চ গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এতে বিভিন্ন মত ও ধারার দশটি সংগঠন যুক্ত হয়েছে। তবে অচিরেই ছাত্রদল, ছাত্রলীগ (আওয়ামী লীগ), উদীচী শিল্পীগোষ্ঠীসহ আরও কয়েকটি সংগঠন যোগ দেবে বলে মঞ্চের একজন নেতা জানিয়েছেন।
শুক্রবার ছাত্র ঐক্য মঞ্চের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে বিশেষ একটি ছাত্র সংগঠনের ধর্মের রাজনৈতিক ব্যবহার, ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকদের হুমকিসহ তাদের সব ধরনের অপতৎপরতা মোকাবেলাই মঞ্চের লক্ষ্য।
মঞ্চের আহ্বায়ক কমিটি করা হয়েছে এর অন্তর্ভুক্ত দশটি সংগঠনের দশজন প্রতিনিধিকে নিয়ে। আহবায়ক করা হয়েছে- ছাত্রলীগের (জাসদ) রাবি শাখার সভাপতি তৈমুর ফারুক তুষারকে।
অপর সংগঠনগুলো হল- রাবি শাখা ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আদিবাসী ছাত্র পরিষদ, লালন চর্চা কেন্দ্র এবং ছোট কাগজ- অভীপ্সা, স্বাধীনতাপত্র ও সাগ্নিক।
মঞ্চের আহ্বায়ক কমিটির সদস্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বাঁধন অধিকারী জানান, ছাত্রলীগ-ছাত্রদল-আওয়ামী আইন পরিষদ, সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত, এস্, উদীচী শিল্পীগোষ্ঠী অচিরেই এ মঞ্চে যুক্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24