চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবিরের চাপের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৯০ সালে ছাত্র নিহত হওয়ার ঘটনাকে 'ভুল তথ্য' উল্লেখ করে তৃতীয় সমাবর্তন স্মরণিকা থেকে একটি নিবন্ধ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফজলী হোসেনের লেখা 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিবৃত্ত' শীর্ষক ওই নিবন্ধে 'ভুল তথ্য' পরিবেশিত হওয়ায় দুঃখও প্রকাশ করেছে স্মরণিকা উপ কমিটি।
অধ্যাপক হোসেন তার লেখায় ১৯৯০ সালে তখনকার উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনকারী ছাত্রশিবির কর্মীদের হামলায় এক ছাত্র নিহত, পাঁচজনের পঙ্গু হওয়াসহ বহু শিক্ষক আহত হওয়ার ঘটনা উল্লেখ করেছিলেন।
গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে স্মরণিকাটির প্রকাশের পর নিবন্ধটি প্রত্যাহারের জন্য কর্তৃপক্ষকে চাপ দেয় ছাত্র শিবির। এ দাবিতে শিবির কর্মীরা শনিবার ক্যাম্পাসে সমাবেশ করে ও স্মরণিকার কপি পুড়িয়ে দেয়। এছাড়া গত সোমবার তারা উপাচার্যকে স্মারকলিপিও দেয়। ছাত্র শিবিরের আন্দোলনের হুমকির মুখে মঙ্গলবার নিবন্ধটি প্রত্যাহারের ঘোষণা দিয়ে দুঃখপ্রকাশ করে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিবন্ধ প্রত্যাহারের কথা জানিয়ে বলা হয়,"চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উপলক্ষে স্মরণিকায় মুদ্রিত 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিবৃত্ত' নিবন্ধে কিছু ভুল তথ্য পরিবেশিত হয়েছে। ঐ লেখার কোন কোনো অংশ সমাবর্তনের মূল সুরের সাথে সঙ্গতিপূর্ণ নয়। লেখাটি প্রকাশের জন্য স্যুভেনির উপ কমিটি দুঃখ প্রকাশ করছে এবং তা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।"
২০০১ সালের ১৪ ফেব্র"য়ারি থেকে বছরখানেক উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক ফজলী হোসেন তার নিবন্ধে লেখেন '১৯৯০ সালে নভেম্বর মাসের প্রথমদিকে উপাচার্য আলমগীর মো. সিরাজুদ্দিনের পদত্যাগ দাবি করে ছাত্রশিবির লাগাতার অবরোধের ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ভবনের ও প্রশাসনিক দালানের এবং ১ নং ও ২ নং গেইটে তালা লাগিয়ে দেয়। ২২ শে নভেম্বর এই অবরোধ ভাঙার জন্য সকাল ১০ টায় ছাত্রশিক্ষকের এক মৌন মিছিলের ব্যবস্থা করা হয়। মিছিলটির সামনের অংশ মাঝের সেতু দিয়ে ঘুরে কলাভবনের মধ্যের কলাপসিবল গেইটে পৌঁছে তালা ভাঙতে চেষ্টা করে। এ সময় শিবিরের ছাত্ররা ইট পাটকেল ছুড়তে থাকে। ইটের আঘাতে অধ্যাপক আলী ইমদাদ খান, অধ্যাপক হামিদা বানু, অধ্যাপক শিরিন হক, অধ্যাপক আফতাব আহমাদ, অধ্যাপক আবু ইউসুফ আলমসহ অনেক শিক্ষক আহত হয়েছিল। এ ঘটনায় আহত ছাত্র ফারুকুজ্জামান ফারুক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে মারা যায় এবং পাঁচ জন ছাত্র পঙ্গু হয়ে যায়।'
স্মরণিকা উপকমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ""স্মরণিকা ইস্যু নিয়ে ছাত্রশিবিরের আন্দোলনে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হোক বা শিক্ষার পরিবেশ বিঘি
bdnews24