রংপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে পাঁচ বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগামী ১২ নভেম্বর থেকে ভর্তির আবেদনপত্র বিক্রি শুরু হবে। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে সোনালী ব্যাংকের রংপুর কাচারী বাজার শাখা থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
শুক্রবার রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, আবেদনপত্রের দাম নির্ধারণ করা হয়েছে আড়াইশ' টাকা। চলতি শিক্ষাবর্ষে পাঁচটি বিষয়ে ৫০টি করে ২৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, গণিত, ব্যবসা প্রশাসন (বিবিএ) ও কম্পিউটার সায়েন্স।
গত ২২ অক্টোবর বিএড কলেজের অস্থায়ী কার্যালয়ে রংপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
এরপর শিক্ষা মন্ত্রণালয় সাতজনকে সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ দেয়। ইতোমধ্যে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.
bdnews24