রংপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি ও ক্লাশ শুরুর জন্য এ সপ্তাহেই পত্রিকায় বিজ্ঞপ্তি দেবে রংপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় রংপুর বিএড কলেজে বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে এ সভায় শিক্ষক নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার সিদ্ধান্ত হয়।
রংপুর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলতি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি ও ক্লাশ শুরুর জন্য চলতি সপ্তাহে পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্যও বিজ্ঞপ্তি দেয়া হবে।"
গত ২২ অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্ঠা হোসেন জিল্লুর রহমান। এর দু'দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমানকে রংপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৫ ঘ.
bdnews24